<![CDATA[
কিশোরগঞ্জের করিমগঞ্জে জমিতে হালচাষকে কেন্দ্র এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ সময় আহত হয়েছেন তার স্ত্রী। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৭ এপ্রিল) সন্ধ্যায় করিমগঞ্জ উপজেলা সদরের কলাতুলী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যবসায়ীর নাম মো. সিরাজুল ইসলাম। তিনি কলাতুলী গ্রামের মো. আব্দুল মোতালিবের ছেলে। তিনি কৃষি কাজের পাশাপাশি একটি টং দোকানে ব্যবসা করতেন।
আরও পড়ুন: হত্যার পর সৌরভের মরদেহ কচু ক্ষেতে লুকিয়ে রাখে
পুলিশ জানায়, সিরাজুল ইসলামের জমিতে ট্রাক্টর দিয়ে হালচাষ করেছিলেন একই গ্রামের মুজিবুর রহমানের ছেলে জামান। জমি চাষের টাকা চাওয়াকে কেন্দ্র করে শুক্রবার সন্ধ্যার দিকে ট্রাক্টর মালিক জামানের সাথে কথাকাটাকাটি হয় সিরাজুলের। এ সময় তিনি হামলার ভয়ে দ্রুত জমি থেকে বাড়িতে চলে যান। কিছুক্ষণ পর জামান ও তার স্বজনরা দেশিয় অস্ত্র নিয়ে হামলা চালায় সিরাজুল ইসলামের বাড়িতে। এ সময় ঘরের ভেতর কুপিয়ে গুরুতর আহত করা হয় সিরাজুলকে। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে, চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: বান্দরবানে সন্ত্রাসী দুই গ্রুপের গোলাগুলিতে নিহত ৮
করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম সিদ্দিকী জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ২ জনকে আটক করা হয়েছে। মূল হত্যাকারীদের ধরতে এলাকায় অভিযান চালাচ্ছে পুলিশ।
ওসি জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
]]>


