<![CDATA[
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় প্রতিপক্ষের লাঠির আঘাতে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আবু বাক্কার (৫০) নামে এক নিরাপত্তা প্রহরী খুন হয়েছেন।
বৃহস্পতিবার (৩০ মার্চ) বিকেলে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। আবু বাক্কার করিমগঞ্জের কাদিরজঙ্গল ইউনিয়নের ইসলামপুর গ্রামের মৃত সুলতান মিয়ার ছেলে। তিনি কিশোরগঞ্জ জেলা শহরের মেডিল্যাব হেলথ সেন্টারে নিরাপত্তা প্রহরী হিসেবে কর্মরত ছিলেন।
আরও পড়ুন: পুলিশের ওপর মাদক কারবারিদের হামলার ঘটনায় গ্রেফতার ২
পুলিশ জানায়, বুধবার ইসলামপুর গ্রামের আলামিনের পালিত কুকুর আবু বাক্কারের ছাগলকে কামড় দেয়। আবু বাক্কার এর প্রতিকার চাইতে যান। এ সময় দুজনের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে আলামিন ও তার দুই ভাই রায়হান ও বাক্কারসহ অন্য আত্মীয়রা আবু বাক্কারকে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন। পরে তাকে উদ্ধার করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার দুপুরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আলামিন, রায়হান ও বাক্কার একই গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে।
করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামছুল আলম সিদ্দিকী জানান, এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
]]>


