কুমিল্লায় কিশোর গ্যাং ‘স্ম্যাশ স্কোয়াড’, ‘১২০৭’ ও ‘পিএক্স ১০’–এর প্রধান পাঁচজন গ্রেপ্তার

কুমিল্লায় কিশোর গ্যাং ‘স্ম্যাশ স্কোয়াড’, ‘১২০৭’ ও ‘পিএক্স ১০’–এর প্রধান পাঁচজন গ্রেপ্তার

পাঁচ দফার অভিযানে আটক দুই হাজারের বেশি
কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষকের সন্তান সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের পর গত ২৩ সেপ্টেম্বর থেকে কুমিল্লা নগরসহ জেলার ১৮টি থানায় কিশোর গ্যাংবিরোধী অভিযান শুরু করে পুলিশ। পাঁচ দফার অভিযানে দুই হাজারের বেশি জনকে আটক করা হয়েছে।

জেলা পুলিশের তথ্য অনুযায়ী, প্রথম দফায় ৬২৪, দ্বিতীয় দফায় ২৫৪, তৃতীয় দফায় ৪১৫, চতুর্থ দফায় ৩৭৯ এবং পঞ্চম দফায় ৩৭০ জনকে আটক করা হয়। সব মিলিয়ে আটক ২ হাজার ৪২ জন। তাঁদের মধ্যে ১ হাজার ৪০৯ জনকে মুচলেকায় পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। অন্যদের বিরুদ্ধে বিভিন্ন আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

পঞ্চম দফার অভিযানে কুমিল্লার আলোচিত ‘রতন গ্রুপ’ বা ‘আর স্কোয়াড’-এর প্রধান ইমরান হোসেন ওরফে রতনসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। পুলিশের ভাষ্য, রতনের বিরুদ্ধে খুনসহ গুরুতর অভিযোগে ৯টি মামলা রয়েছে।

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততা, মাদক, মামলা, গ্রেপ্তারি পরোয়ানা ও বিভিন্ন অপরাধে জড়িত থাকার তথ্য যাচাই করা হচ্ছে। যাচাই শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।