বিএনপির নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে দেশের কৃষকদের কল্যাণে ‘কৃষক কার্ড’ কার্যক্রমের উদ্বোধন আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখে টাঙ্গাইলে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এ উদ্যোগকে ঘিরে জেলার কৃষকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
মঙ্গলবার সকাল ১০টায় মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত শেষে সকাল সাড়ে ১০টায় টাঙ্গাইল স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের।
সূত্র জানায়, প্রাথমিকভাবে ‘প্রি-পাইলটিং’ প্রকল্প হিসেবে দেশের ১০টি উপজেলার ১১টি ব্লকে প্রায় ৩৫ হাজার কৃষকের মধ্যে কৃষক কার্ড বিতরণ করা হবে। এর অংশ হিসেবে টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের সুরুজ ব্লকে ১ হাজার ৪৫৩ জন কৃষক এ কার্ড পাবেন। উদ্বোধনের দিন প্রধানমন্ত্রী নিজ হাতে ১৫ জন কৃষকের মাঝে কার্ড বিতরণ করবেন।
এই কার্ডের মাধ্যমে কৃষকরা সরাসরি সরকারি প্রণোদনার অর্থ পাবেন এবং পর্যায়ক্রমে সারা দেশে এ কার্যক্রম সম্প্রসারণ করা হবে। প্রধানমন্ত্রীর কাছ থেকে কার্ড পাওয়া কৃষকদের একজন মোহাম্মদ আবু কায়সার জানান, সরকারের প্রতিশ্রুত এই উদ্যোগ বাস্তবায়নের পথে এগোচ্ছে দেখে তিনি আনন্দিত। কৃষক হিসেবে নিজেদের স্বীকৃতি ও মর্যাদা বাড়বে বলেও আশা প্রকাশ করেন তিনি।
আরেক কৃষক শাহানুর আলম বলেন, প্রধানমন্ত্রীর হাত থেকে কার্ড পাওয়া তার জন্য গর্বের বিষয়। এই কার্ডের মাধ্যমে প্রণোদনা পেয়ে কৃষিকাজে আরও সহায়তা পাওয়া যাবে, যা উৎপাদন বৃদ্ধিতে ভূমিকা রাখবে।
এ বিষয়ে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, দেশের প্রায় ৭০ শতাংশ মানুষ কৃষির সঙ্গে জড়িত। কৃষকদের উন্নয়ন নিশ্চিত হলেই দেশের সামগ্রিক অর্থনীতি এগিয়ে যাবে। উৎপাদন থেকে বিপণন পর্যন্ত কৃষকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতেই এই কার্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে সীমিত পরিসরে শুরু হলেও পর্যায়ক্রমে এটি সারা দেশে বিস্তৃত করা হবে। পুরো প্রকল্প বাস্তবায়নে প্রায় চার বছর সময় লাগতে পারে।





