কোরবানির পশুর হাট নিয়ন্ত্রণে পুরোনো ধারা

কোরবানির পশুর হাট নিয়ন্ত্রণে পুরোনো ধারা

এর বাইরে রাজধানীতে স্থায়ী পশুর হাট আছে দুটি। একটি গাবতলীতে, যা ঢাকা উত্তর সিটি করপোরেশনের অধীন। আরেকটি ডেমরার সারুলিয়ায়, এই হাট ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অধীন। স্থায়ী হাট দুটিতে সারা বছর পশু কেনাবেচা চলে।

অস্থায়ী হাটগুলোতে পশু কেনাবেচা হয় কোরবানির ঈদের সময় পাঁচ দিন। আগামীকাল রোববার ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির অস্থায়ী হাটগুলোতে কোরবানির পশু কেনাবেচা শুরু হবে, যা চলবে ঈদের দিন (বৃহস্পতিবার, ২৮ মে) পর্যন্ত। ইতিমধ্যে কয়েকটি হাটে কোরবানির পশু আসতে শুরু করেছে।

কোরবানির পশুর হাট ঘিরে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সমন্বয় সভা করেছে। সেখানে সিটি করপোরেশনের কর্মকর্তাদের পাশাপাশি বিভিন্ন হাটের ইজারাদার বা তাঁদের প্রতিনিধিরা অংশ নেন। পশুর হাটকেন্দ্রিক নিরাপত্তা, আর্থিক ব্যবস্থাপনা, ট্রাফিক ব্যবস্থাপনা, ইজারাদারদের করণীয়, কাঁচা চামড়া সংগ্রহ ও সংরক্ষণ, পাচার রোধ এবং বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে সেই সমন্বয় সভায় আলোচনা হয়েছে।

সমন্বয় সভার পর ডিএমপির পক্ষ থেকে কিছু নির্দেশনাও দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, নির্ধারিত সময়ের আগে হাট না বসানো, হাটের চৌহদ্দি না ছাড়ানো, কন্ট্রোল রুম, ওয়াচ টাওয়ার, সিসি ক্যামেরা, পর্যাপ্ত আলো, জাল নোট শনাক্তের মেশিন ও ব্যাংকিং-সুবিধা পশুর হাটগুলোতে রাখতে হবে।