ওটিটি প্ল্যাটফর্মের কনটেন্ট নিয়ে দর্শকদের উন্মাদনা দিনকে দিন বাড়ায় ঈদে নতুন সিরিজ দেখার প্রত্যাশা করেন অনেকে। দর্শকদের সেই চাহিদা পূরণ করে চলেছে ওটিটি প্ল্যাটফর্ম চরকি। প্রতিবছরের মতো এবারের ঈদুল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে চরকি অরিজিনাল সিরিজ ‘ক্যাকটাস’।
সিরিজটির ট্রেলার ১৩ মার্চ বেলা ২টায় আনুষ্ঠানিকভাবে প্রকাশ পেয়েছে। নির্মাতা শিহাব শাহীনের এই স্পাই-থ্রিলার সিরিজটি দর্শকরা দেখতে পারবেন ১৭ মার্চ রাত ১২টা (১৮ মার্চ) থেকে।
গল্প ও চরিত্র
ট্রেলার দেখে ধারণা করা যায় ‘ক্যাকটাস’-এর গল্প আবর্তিত হয়েছে মানসিভ নামের এক দক্ষ হ্যাকারকে কেন্দ্র করে, যে চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা প্রীতম হাসান। ট্রেলারে তাঁকে কয়েদি হিসেবে দেখা গেলেও রাষ্ট্রীয় এক সংকট মোকাবিলায় সরকারের সহায়তায় তাঁকে আবারও হ্যাকিংয়ের ময়দানে নামতে হয়।
প্রীতম হাসান জানান, মানসিভ চরিত্রটির একটি জার্নি আছে, যা চরিত্রটিকে শেষ পর্যন্ত কোথায় নিয়ে যায়, সেটি দর্শকরা আগ্রহ নিয়ে দেখতে চাইবেন। অন্যদিকে জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী অভিনয় করেছেন অনুরা চরিত্রে। এই সিরিজে তাকে একদম নতুন অবতারে—শক্তিশালী, আত্মবিশ্বাসী এবং অ্যাকশন লুকে দেখা যাবে। ট্রেলার দেখে ধারণা করা যায় চরিত্রটির মধ্যে রহস্যও লুকিয়ে আছে। মেহজাবীন বলেন, ‘এই সিরিজে আমার চরিত্রটি ভীষণ ইন্টারেস্টিং। এর আগে আমি এই লেভেলের অ্যাকশন করিনি।’
নির্মাণ ও স্পাই ইউনিভার্স
সিরিজটি পরিচালনা করেছেন সফল নির্মাতা শিহাব শাহীন। তিনি এই সিরিজের মাধ্যমে নিজস্ব একটি স্পাই ইউনিভার্স তৈরির ভিশন নিয়ে কাজ করেছেন তিনি। নির্মাতা জানান, ‘ক্যাকটাস’ বৈশ্বিক মানের একটি কাজ হতে যাচ্ছে এবং এর গল্পের পরিসর অনেক বড় করে চিন্তা করেছি আমরা।

চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেদওয়ান রনি বলেন, ‘ঈদে দর্শকদের জন্য চরকি সিরিজ মুক্তি দিয়ে আসছে এবং প্রতিবারই দর্শকরা সেই কনটেন্টকে ভালোবাসা দিয়েছেন, জনপ্রিয় করে তুলেছেন। আশা করছি “ক্যাকটাস”–এর ক্ষেত্রেও তার ব্যতিক্রম হবে না। আমরা আমাদের সেরাটা দিয়ে একটি বুদ্ধিদীপ্ত সিরিজ দর্শকদের উপহার দেওয়ার চেষ্টা করেছি।’
অন্যান্য কলাকুশলী
চরকি অরিজিনাল সিরিজ ‘ক্যাকটাস’–এর গল্প লিখেছেন শিহাব শাহীন, আল-আমীন-হাসান নির্ঝর, আদর রহমান, আসাদুজ্জামান আবীর, রেজওয়ান কবির। চিত্রনাট্য করেছেন শিহাব শাহীন। এতে অভিনয় করেছেন মুনীরা ইউসুফ মেমী, মানষ বন্দ্যোপাধ্যায়, নাজিবা বাশার, সালাউদ্দিন লাভলু, শাহদাত হোসেন, আরিফিন জিলানী, জাহিদুল হক অপু, সানজিদা তাসনীম। সিরিজের অ্যাকশন ডিরেক্টর হিসেবে কাজ করেছেন অ্যাডওয়ার্ড গোমেজ।





