ক্যানসারের লড়াইয়ে হার মানলেন ‘জুরাসিক পার্ক’ অভিনেতা | চ্যানেল আই অনলাইন

ক্যানসারের লড়াইয়ে হার মানলেন ‘জুরাসিক পার্ক’ অভিনেতা | চ্যানেল আই অনলাইন

বিশ্ববিখ্যাত চলচ্চিত্র ‘জুরাসিক পার্ক’ ও ‘দ্য পিয়ানো’ খ্যাত প্রখ্যাত হলিউড অভিনেতা স্যাম নীল মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।

পরিবারের দেওয়া বিবৃতিতে জানানো হয়েছে, অভিনেতা দীর্ঘ সময় ক্যানসারের সঙ্গে লড়াই করলেও মৃত্যুর সময় তিনি রোগমুক্ত ছিলেন। তবে তার আকস্মিক মৃত্যুর সুনির্দিষ্ট কারণ সম্পর্কে এখনো কিছু জানানো হয়নি।

২০২৩ সালে স্যাম নীল জানিয়েছিলেন যে, তিনি অ্যাঞ্জিওইমিউনোব্লাস্টিক টি-সেল লিম্ফোমা নামক এক বিরল রোগে আক্রান্ত।

সত্তরের দশকে অস্ট্রেলীয় চলচ্চিত্রের স্বর্ণযুগে যে কজন অভিনেতা ও নির্মাতা বিশ্বমঞ্চে নিজেদের প্রতিভার স্বাক্ষর রেখেছিলেন, তাদের মধ্যে স্যাম নীল ছিলেন অন্যতম। মেল গিবসন, রাসেল ক্রো, জিওফ্রে রাশ কিংবা জেন ক্যাম্পিয়নের মতো কিংবদন্তিদের সমান্তরালে তিনিও আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেছিলেন।

অত্যন্ত মার্জিত ও বহুমুখী প্রতিভাধর এই অভিনেতা একদিকে যেমন ‘জুরাসিক পার্ক’-এর মতো ব্লকবাস্টার চলচ্চিত্রে ডাইনোসরের আতঙ্ক ফুটিয়ে তুলেছেন, তেমনি ‘দ্য পিয়ানো’-র মতো ধ্রুপদী শিল্পকলা চলচ্চিত্রেও নিজের জাত চিনিয়েছেন।

সত্তরের দশকের শেষভাগে অস্ট্রেলীয় চলচ্চিত্রের যে জোয়ার তৈরি হয়েছিল, স্যাম নীলের মৃত্যুতে সেই প্রজন্মের একজন উজ্জ্বল নক্ষত্রের পতন ঘটল। পর্দার বৈচিত্র্যময় চরিত্রে সাবলীল অভিনয়ের মধ্য দিয়ে তিনি বিশ্বজুড়ে অগণিত দর্শক ও অনুরাগী হৃদয়ে অমর হয়ে থাকবেন।