সাইফুল ইসলাম: কৃষকের উৎপাদিত ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করা, সরকারি খাদ্য মজুত বাড়ানো এবং সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিরাপদ ও পুষ্টিকর খাবার পৌঁছে দেওয়াই সরকারের মূল লক্ষ্য বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা।
তিনি বলেন, খাদ্যনিরাপত্তা কেবল খাদ্য উৎপাদনের মধ্যে সীমাবদ্ধ নয়। দেশের প্রতিটি মানুষের জন্য নিরাপদ ও পুষ্টিকর খাবারের প্রাপ্যতা এবং তা কেনার সক্ষমতা নিশ্চিত করাও সরকারের দায়িত্ব।
শনিবার (১৪ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বালিয়াটি ঈশ্বরচন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহ অভিযান-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশব্যাপী কেন্দ্রীয়ভাবে আমন ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
খাদ্যমন্ত্রী বলেন, প্রকৃত কৃষকের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহের মাধ্যমে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমানো এবং কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকার কাজ করছে। পাশাপাশি সরকারি খাদ্যগুদামে পর্যাপ্ত ধান ও চালের মজুত গড়ে তোলা, বাজারে সরবরাহ স্বাভাবিক রাখা এবং নিম্নআয়ের মানুষের জন্য খাদ্যসহায়তা কার্যক্রম অব্যাহত রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, উৎপাদন খরচের সঙ্গে সামঞ্জস্য রেখে ধান-চালের সংগ্রহমূল্য নির্ধারণ, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং সরকারি খাদ্য মজুত ব্যবস্থাপনার আধুনিকায়ন জরুরি। এসব কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। প্রাকৃতিক দুর্যোগ, খাদ্যঘাটতি কিংবা আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির মতো পরিস্থিতি মোকাবিলায় পর্যাপ্ত সরকারি খাদ্য মজুত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ধান ও চাল সরবরাহের পর কৃষকদের পাওনা পরিশোধে কোনো ধরনের বিলম্ব করা যাবে না উল্লেখ করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনাও দেন তিনি।
জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খাদ্য মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মু. জসীম উদ্দিন খান, খাদ্য পরিকল্পনা ও পর্যবেক্ষণ ইউনিটের মহাপরিচালক মো. মাহাবুবুর রহমান, অতিরিক্ত মহাপরিচালক মো. জামাল উদ্দিন, পরিচালক (সংগ্রহ) মো. মনিরুজ্জামান, পুলিশ সুপার সারওয়ার আলম ও সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ অনিক ইসলাম।
এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নুরতাজ আলম বাহার, আজাদ হোসেন খান ও গোলাম আবেদীন কায়সার, জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ এবং সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাদলসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় নেতারা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাটুরিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক আমির হামজা।
জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২৬-২৭ মৌসুমে সারা দেশে ৩ লাখ মেট্রিক টন আমন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এর মধ্যে ঢাকা বিভাগে ২৭ হাজার ৬৫১ মেট্রিক টন এবং মানিকগঞ্জ জেলায় ১ হাজার ৩২২ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি কেজি ধান ৩৫ টাকা এবং চাল ৪৯ টাকা দরে কেনা হবে।
জেলার সাত উপজেলায় নির্ধারিত লক্ষ্যমাত্রার মধ্যে মানিকগঞ্জ সদরে ২২২ মেট্রিক টন, শিবালয়ে ২৮৩, ঘিওরে ৩৩৯, সাটুরিয়ায় ১২৭, সিংগাইরে ২২১, হরিরামপুরে ৭৪ এবং দৌলতপুরে ৫৬ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
The post খাদ্যনিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: খাদ্যমন্ত্রী appeared first on ZoomBangla.