গাজীপুরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় উত্তেজিত জনতা একটি ট্রাকে আগুন ধরিয়ে দেয়।
রোববার (১০ মে) গভীর রাতে কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের বাঘচালা গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় বেশ কয়েকদিন ধরে গরু চুরির ঘটনা বেড়ে যাওয়ায় স্থানীয়দের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। রোববার রাতে একদল ব্যক্তি ট্রাক নিয়ে গরু চুরি করতে এলে স্থানীয়রা তাদের ধাওয়া করে। এ সময় কয়েকজন পালিয়ে গেলেও তিনজনকে আটক করে গণপিটুনি দেয় এলাকাবাসী।
গণপিটুনিতে ঘটনাস্থলেই ওই তিনজন নিহত হন। পরে বিক্ষুব্ধ জনতা গরু বহনের কাজে ব্যবহৃত ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, “গরু চোর সন্দেহে তিনজনকে গণপিটুনি দেওয়া হয়েছে। এতে তিনজনের মৃত্যু হয়েছে।”
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।






