গোপন কক্ষে ২ কোটি ৪০ লাখ ডলার, সিনেমার আড়ালের সত্যি ঘটনা

গোপন কক্ষে ২ কোটি ৪০ লাখ ডলার, সিনেমার আড়ালের সত্যি ঘটনা

বাড়িটিতে পুলিশ ঢুকতেই চিলেকোঠা থেকে ভেঙে পড়ে ড্রাইওয়াল, সরে যায় ভুয়া দেয়াল। সেটা ছিল গোপন একটি কক্ষের প্রবেশদ্বার। সেখানে রাখা ছিল ২৪টি কমলা রঙের বড় বালতি। প্রতিটি বালতিই ১০০ ডলারের নোটের বান্ডিলে ভর্তি। মোট ২ কোটি ৪০ লাখ ডলার! পুলিশ বিভাগের অর্থ জব্দের ইতিহাসে সর্বোচ্চ। এ খবর বাইরে ছড়িয়ে পড়তেই শুরু হয় অবিশ্বাস আর সন্দেহের খেলা। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যে তারা বুঝে উঠতে পারে না, এ লড়াইয়ে কাকে বিশ্বাস করবে আর কাকে করবে না।
এ ঘটনা অবলম্বনেই তৈরি হয়েছে নেটফ্লিক্সের ক্রাইম থ্রিলার দ্য রিপ। সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত ছবিটি শুধু একটি পুলিশি অভিযানের গল্পই নয়; বরং বিপুল অর্থ কীভাবে মানুষের মনোজগৎকে নাড়িয়ে দেয়, বন্ধুত্বে ফাটল ধরায়, তারও ব্যবচ্ছেদ।
ছবির লেখক ও পরিচালক জো কারনাহান বলেন, ‘আসলে মানুষে মানুষে সম্পর্ক, বন্ধুত্ব আর ভালোবাসার মানুষগুলো আপনার জীবনে কতটা গুরুত্বপূর্ণ, সেসব নিয়েই এই ছবি।’