চমেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু – DesheBideshe

চমেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু – DesheBideshe


চমেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু – DesheBideshe

চট্টগ্রাম, ৭ জুন – স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিতর্কিত নোটিশ প্রত্যাহারসহ ৬ দফা দাবিতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। রোববার সকাল ৮টা থেকে এই কর্মসূচি শুরু হয়।

সরকারের পক্ষ থেকে দাবি পূরণে কোনো দৃশ্যমান পদক্ষেপ না পাওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছেন আন্দোলনকারীরা। এর আগে গত ৪ জুন চমেক হাসপাতালের প্রধান ফটকের সামনে ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে।

এরপর হাসপাতাল পরিচালকের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দেওয়া হয় এবং ৫ জুন রাত পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হওয়ায় শনিবার রাতে সারা দেশের ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে সমন্বয় করে এই কর্মবিরতির ঘোষণা দেওয়া হয়।

আন্দোলনরত চিকিৎসকদের ৬ দফা দাবির মধ্যে রয়েছে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সাম্প্রতিক সিদ্ধান্ত বাতিল, স্বাস্থ্যকর্মীদের জন্য নিরাপত্তা আইন প্রণয়ন, ইন্টার্ন চিকিৎসকদের বেতন কাঠামো পুনর্নির্ধারণ, বিসিএস স্বাস্থ্য ক্যাডারে প্রবেশের বয়সসীমা ৩৪ বছর করা, বিএমডিসি আইন সংস্কার এবং বিভিন্ন ভর্তি পরীক্ষার ফি যৌক্তিক পর্যায়ে নির্ধারণ করা।

ইন্টার্ন চিকিৎসকদের এই আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে চট্টগ্রাম মেডিকেল কলেজের শিক্ষার্থীরাও ক্লাস বর্জনের ঘোষণা দিয়েছেন। রোববার বেলা সাড়ে ১১টায় হাসপাতালের প্রধান ফটকের সামনে আরও একটি বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি সাকিব হোসেন জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মবিরতি অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হতে পারে।

এস এম/ ৭ জুন ২০২৬