উত্তরপশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমী নিম্নচাপের প্রভাবে দেশের উপকূলীয় এলাকায় দমকা থেকে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
সোমবার (৬ জুলাই) প্রকাশিত আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত মৌসুমী নিম্নচাপটি উত্তর উড়িষ্যা উপকূল অতিক্রম করে বর্তমানে পশ্চিমবঙ্গ ও সংলগ্ন উত্তর উড়িষ্যা উপকূলে অবস্থান করছে।
নিম্নচাপটির বর্তমান অবস্থান ২১ দশমিক ৫ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮৬ দশমিক ৬ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। এটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে আরও অগ্রসর হতে পারে। নিম্নচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে দমকা কিংবা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতিতে চার সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রাখতে বলা হয়েছে।
একই সঙ্গে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে নিরাপদ আশ্রয়ে থাকতে এবং সতর্কতার সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণের নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।




