
জাগরেব, ২৮ এপ্রিল – এসি মিলানের অভিজ্ঞ মিডফিল্ডার লুকা মদ্রিচের চলতি মৌসুমের পথচলা প্রায় শেষ হয়ে গেছে। সম্প্রতি এক ম্যাচে প্রতিপক্ষ খেলোয়াড়ের সঙ্গে সংঘর্ষে তার চোয়ালের হাড় ভেঙে যায়। এই ইনজুরির কারণে ইতোমধ্যেই তার মুখে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। ফলে সিরি আর বর্তমান মৌসুমের বাকি অংশে তাকে আর মাঠে দেখা যাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। তবে ২০২৬ বিশ্বকাপের আগে এই ক্রোয়েশিয়ান তারকা সুস্থ হয়ে উঠবেন বলে আশাবাদ ব্যক্ত করেছে এসি মিলান কর্তৃপক্ষ।
গত রোববার জুভেন্তাসের বিপক্ষে গোলশূন্য ড্র হওয়া ম্যাচে এই দুর্ঘটনা ঘটে। খেলার এক পর্যায়ে শূন্যে লাফিয়ে হেড দিতে গিয়ে জুভেন্তাস মিডফিল্ডার ম্যানুয়েল লোকাতেলির সঙ্গে সংঘর্ষ হয় মদ্রিচের।
সোমবার বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষায় তার গালের হাড়ে একাধিক সূক্ষ্ম ফাটল ধরা পড়ে এবং সেদিনই জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার করা হয়।
ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে যে তার বাম চোখের পাশের হাড়ের ভাঙনটি বেশ জটিল ছিল, তবে অপারেশন সফলভাবে শেষ হয়েছে। মদ্রিচকে ঠিক কতদিন মাঠের বাইরে থাকতে হবে তা নির্দিষ্ট করে জানানো হয়নি। তবে ইতালিয়ান লিগে আর মাত্র চারটি ম্যাচ বাকি থাকায় এই মৌসুমে তার ফেরার সুযোগ নেই।
আগামী ১১ জুন থেকে উত্তর আমেরিকায় শুরু হতে যাওয়া ফুটবল বিশ্বকাপের আগে তার ফিট হওয়া এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ৪০ বছর বয়সী এই তারকা বিশ্বকাপে ক্রোয়েশিয়া দলকে নেতৃত্ব দেওয়ার কথা রয়েছে।
ক্রোয়েশিয়ান কোচ জাৎকো দালিচ জানিয়েছেন যে তিনি মদ্রিচের সঙ্গে কথা বলেছেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করছেন। কোচ বিশ্বাস করেন যে মদ্রিচ বিশ্বকাপের আগেই নিজের সেরা ফিটনেস ফিরে পাবেন।
ক্রোয়েশিয়া ১৭ জুন ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ মিশন শুরু করবে। এসি মিলানের হয়ে চলতি মৌসুমে দুর্দান্ত ফর্মে ছিলেন মদ্রিচ। ৩৪টি লিগ ম্যাচের মধ্যে ৩২টিতেই তিনি শুরুর একাদশে খেলেছেন। এমনকি ইনজুরিতে পড়ার আগের ম্যাচেও তিনি ম্যাচ সেরা নির্বাচিত হয়েছিলেন। বর্তমানে এসি মিলান লিগ টেবিলের তৃতীয় অবস্থানে রয়েছে।
এনএন/ ২৮ এপ্রিল ২০২৬






