এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে নতুন অধিনায়ক পেয়েছে বাংলাদেশ। গত এশিয়ান গেমসে দলের অধিনায়ক ছিলেন রোমান সরকার, তার সহকারী ছিলেন আমিরুল ইসলাম।
আগামী ২৭ অক্টোবর ভারতের জলন্ধরে শুরু হতে যাওয়া এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের অধিনায়কের দায়িত্ব পেয়েছেন অভিজ্ঞ ডিফেন্ডার আশরাফুল ইসলাম। সহ-অধিনায়ক হিসেবে থাকছেন আমিরুল ইসলাম। মঙ্গলবার বাংলাদেশ হকি ফেডারেশন আনুষ্ঠানিকভাবে আশরাফুলকে অধিনায়কের দায়িত্ব দিয়েছে।
পাকিস্তান নাম প্রত্যাহার করে নেওয়ায় এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ। এবারের প্রতিযোগিতায় অংশ নেবে ছয়টি দল-বাংলাদেশ, ভারত, চীন, জাপান, মালয়েশিয়া ও দক্ষিণ কোরিয়া।
২৭ অক্টোবর উদ্বোধনী দিনেই স্বাগতিক ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে বাংলাদেশ। এর আগে ২০২১ সালে ঢাকায় অনুষ্ঠিত এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে একবার অংশ নিয়েছিল বাংলাদেশ। সেবার আয়োজক হওয়ার সুবাদে প্রতিযোগিতায় খেলার সুযোগ পেয়েছিল দলটি।
বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ ২৯ অক্টোবর জাপানের বিপক্ষে। ৩০ অক্টোবর তৃতীয় ম্যাচে প্রতিপক্ষ মালয়েশিয়া। এরপর ১ নভেম্বর দক্ষিণ কোরিয়া এবং ২ নভেম্বর চীনের মুখোমুখি হবে বাংলাদেশ।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
শুক্রবার দুপুর ১২টায় ভারতের উদ্দেশে দেশ ছাড়ার কথা বাংলাদেশ দলের। তবে মঙ্গলবার পর্যন্ত দলের সদস্যরা ভারতীয় ভিসা পাননি। বাংলাদেশ হকি ফেডারেশনের যুগ্ম সম্পাদক আরিফুল হক প্রিন্স জানিয়েছেন, বৃহস্পতিবারের মধ্যে ভিসা পাওয়ার প্রত্যাশা করছেন তারা।




