ছেলেকে গলাকেটে হত্যার দায়ে মায়ের যাবজ্জীবন | বাংলাদেশ

ছেলেকে গলাকেটে হত্যার দায়ে মায়ের যাবজ্জীবন | বাংলাদেশ

<![CDATA[

লক্ষ্মীপুরে পারিবারিক কলহের জেরে নিজের তিন বছর বয়সী শিশুপুত্র আয়ানুর রহমান আয়ানকে গলাকেটে হত্যার দায়ে মা সাবিনা ইয়াসমিন শিল্পীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তার ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেয়া হয়।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে লক্ষ্মীপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় দেন। রায়ের সময় আসামি শিল্পী আদালতে উপস্থিত ছিলেন। তাকে কারাগারে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে পুলিশের হাতে গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন তিনি।

জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. জসিম উদ্দিন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: জয়পুরহাটে সন্তানকে হত্যা করে থানায় মা

মামলা সূত্রে জানা যায়, সাবিনা ইয়াসমিন শিল্পীর স্বামী আজিমুর রহমান আজিম সৌদি প্রবাসী। শিল্পী তার শ্বশুর-শাশুড়ির সঙ্গে শিশু আয়ানকে নিয়ে সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের চাঁদখালী গ্রামের হারুন খাঁর বাড়িতে ভাড়া থাকতেন। তবে স্বামী আজিমের সঙ্গে তার পারিবারিক বিরোধ ছিল। ২০২১ সালের ২৬ সেপ্টেম্বর রাতে মোবাইল ফোনে শিল্পীর সঙ্গে স্বামী আজিমের ঝগড়া হয়। একপর্যায়ে আজিম শিল্পীকে তালাক দেয়ার হুমকি দেয়। এতে ক্ষিপ্ত হয়ে শিল্পী তার ঘুমন্ত শিশুপুত্র আয়ানকে ধারালো বটি দিয়ে গলা কেটে হত্যা করে। পরে সে নিজেই ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। পাশের কক্ষে তার শ্বশুর-শাশুড়ি ছিল। শিল্পীর কক্ষ থেকে বিকট শব্দ শুনতে পেয়ে তারা উঁকি দিয়ে দেখতে পায় শিল্পী আত্মহত্যার চেষ্টা করছে এবং আয়ানের রক্তাক্ত মরদেহ খাটে পড়ে আছে। তারা দরজা ভেঙে ভেতরে ঢুকে। পরে পুলিশে খবর দিলে পুলিশ এসে শিশুটির মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। হত্যার ঘটনায় তার মা শিল্পীকে আটক করে পুলিশ।

পরদিন শিশুর দাদা মো. হুমায়ূন কবির বাদী হয়ে পুত্রবধূ সাবিনা ইয়াসমিন শিল্পীকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত করে সদর থানার সেই সময়ের উপপরিদর্শক (এসআই) মো. সোহেল মিয়া ২০২২ সালের ২ অক্টোবর আদালতে তদন্ত প্রতিবেদন দেন। এতে শিল্পীকে তার শিশুপুত্র আয়ানকে গলাকেটে হত্যার দায়ে অভিযুক্ত করা হয়। আদালত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে শিল্পীর যাবজ্জীবন সাজা দিয়েছেন।

]]>