ছেলের কবরের পাশে কান্নায় ভেঙে পড়লেন সেলিনা! | চ্যানেল আই অনলাইন

ছেলের কবরের পাশে কান্নায় ভেঙে পড়লেন সেলিনা! | চ্যানেল আই অনলাইন

স্বামীর সঙ্গে বিচ্ছেদ নিয়ে বহু দিন ধরে সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন সেলিনা জেটলি। এবার পুত্রশোকে একটি পোস্ট করলেন বলিউড অভিনেত্রী। নিজের প্রয়াত ছেলের কবরের কাছে গিয়ে তিনি কান্নায় ভেঙে পড়েন। সেই ছবির সঙ্গে নিজের জীবনের কঠিন সময়ের কথা তুলে ধরেছেন সেলিনা।

ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিওতে দেখা যায়, সেলিনা তার পুত্র শমশেরের কবরের কাছে দাঁড়িয়ে আছেন। তিনি জানান, তার জীবনে এখন খুব কঠিন সময় চলছে। অভিনেত্রীর দাবি, স্বামী পিটার হাগ-এর সঙ্গে তার বিবাহবিচ্ছেদের মামলা চলছে এবং এই সময় তিনি নানাভাবে নানা সমস্যার মুখে পড়ছেন। তিনি এ-ও জানিয়েছেন, তাকে তার সন্তানদের সঙ্গে যোগাযোগ পর্যন্ত করতে দেওয়া হচ্ছে না।

সেলিনা আরও জানান, তিনি তার স্বামীর কর্মজীবনের জন্য নিজের অনেক কিছু ত্যাগ করেছিলেন। কিন্তু এখন সেই সম্পর্ক ভেঙে যাওয়ার ফলে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন। তিনি তার পোস্টে জানান, একজন মা হিসাবে এই পরিস্থিতি তার জন্য খুব কষ্টদায়ক। সন্তানদের থেকে দূরে থাকা এবং তাদের সঙ্গে কথা বলতে না পারা তাকে আরও ভেঙে দিচ্ছে।

তবে এত কষ্টের মধ্যেও সেলিনা হাল ছাড়তে নারাজ। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, তিনি লড়াই চালিয়ে যাবেন এবং নিজের অধিকার আদায়ের জন্য শেষ পর্যন্ত চেষ্টা করবেন।

২০১১ সালে অস্ট্রিয়ার হোটেল ব্যবসায়ী পিটার হাগকে বিয়ে করেন সেলিনা জেটলি। তাদের তিন সন্তান। গত বছর স্বামীর বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ এনে আদালতের দ্বারস্থ হন অভিনেত্রী।