
কালজয়ী অভিনেত্রী সুচন্দা। অভিনয়ের শক্তি ও মেধা দিয়ে যিনি জয় করেছেন অগণিত দর্শকের হৃদয়, সমৃদ্ধ করেছেন বাংলাদেশের চলচ্চিত্রকে। কিংবদন্তি এই অভিনেত্রীর জন্মদিন উপলক্ষে চ্যানেল আইয়ে প্রচার হবে বিশেষ অনুষ্ঠান ‘কালজয়ী সুচন্দা’।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৫টা ৩০ মিনিটে অনুষ্ঠানটি প্রচার হবে। অনুষ্ঠানটির পরিকল্পনা ও উপস্থাপনা করেছেন সিনিয়র সাংবাদিক আবদুর রহমান।
‘কালজয়ী সুচন্দা’ অনুষ্ঠানে একান্ত আলাপচারিতায় নিজের দীর্ঘ চলচ্চিত্রজীবনের নানা অধ্যায় তুলে ধরেছেন সুচন্দা। চলচ্চিত্রে তাঁর আগমন, অভিনয়জীবনের নানা অভিজ্ঞতা, পরিচালক হিসেবে আত্মপ্রকাশ এবং কিংবদন্তি নির্মাতা জহির রায়হানের সঙ্গে তাঁর সম্পর্কসহ উঠে এসেছে নানা জানা-অজানা বিষয়।
১৯৪৭ সালের ১৯ সেপ্টেম্বর সাতক্ষীরায় জন্মগ্রহণ করেন সুচন্দা। তাঁর আসল নাম কোহিনূর আক্তার। ষাটের দশকে চলচ্চিত্রে যাত্রা শুরু করে অল্প সময়েই তিনি হয়ে ওঠেন দর্শকপ্রিয় অভিনেত্রী। ১৯৬৬ সালে সুভাষ দত্ত পরিচালিত ‘কাগজের নৌকা’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তাঁর। পরের বছর রাজ্জাকের বিপরীতে ‘বেহুলা’ চলচ্চিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি পান।
‘জীবন থেকে নেয়া’, ‘চাওয়া পাওয়া’, ‘নয়নতারা’, ‘সুয়োরানী দুয়োরানী’, ‘যে আগুনে পুড়ি’, ‘কাঁচের স্বর্গ’ ও ‘অশ্রু দিয়ে লেখা’র মতো উল্লেখযোগ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন সুচন্দা। অভিনয়ের পাশাপাশি প্রযোজনাতেও যুক্ত ছিলেন তিনি। জহির রায়হানের জীবদ্দশায় ‘টাকা আনা পাই’ ও ‘প্রতিশোধ’সহ বেশ কয়েকটি চলচ্চিত্র প্রযোজনা করেন।
পরবর্তীতে নির্মাণেও যুক্ত হন সুচন্দা। তাঁর পরিচালিত উল্লেখযোগ্য চলচ্চিত্র ‘সবুজ কোট কালো চশমা’। স্বামী জহির রায়হানের উপন্যাস অবলম্বনে ২০০৫ সালে নির্মাণ করেন ‘হাজার বছর ধরে’। চলচ্চিত্রটি পরিচালনার জন্য শ্রেষ্ঠ পরিচালক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি। পাশাপাশি প্রযোজক হিসেবেও জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান।
দীর্ঘ অভিনয়জীবনের স্বীকৃতি হিসেবে ২০১৯ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননায় ভূষিত হন এই কিংবদন্তি অভিনেত্রী।
প্রতিবেদক
চ্যানেল আই অনলাইন
চ্যানেল আই অনলাইন
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…

