গতকাল (শনিবার) ছিল চিত্রনায়িকা পূর্ণিমার জন্মদিন। এই বিশেষ দিনে তিনি সহকর্মী, শুভাকাঙ্ক্ষী, ভক্তদের শুভেচ্ছার বন্যায় অভিভূত হয়েছেন। রবিবার দুপুরে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে এক আবেগঘন বার্তায় সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন পূর্ণিমা।
পূর্ণিমা লিখেছেন, জন্মদিনে পাওয়া প্রতিটি শুভেচ্ছা ও দোয়া তার হৃদয় ছুঁয়ে গেছে। ভক্তদের নিঃস্বার্থ ভালোবাসাকেই তিনি নিজের সবচেয়ে বড় শক্তি ও প্রাপ্তি হিসেবে উল্লেখ করেন।
মনের মাঝে তুমি, আকাশ ছোঁয়া ভালোবাসার মত সুপারহিট সিনেমার এই নায়িকা বলেন, আজ আমি যে পূর্ণিমা, তার পেছনে আপনাদের ভালোবাসা, সমর্থন আর বিশ্বাসের অনেক বড় অবদান রয়েছে।
তিনি জানান, সবসময় সবার শুভেচ্ছার উত্তর দেওয়ার চেষ্টা করেন। তবে কোনো কারণে কারও বার্তার জবাব দিতে না পারলে তা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানান তিনি।
সবশেষে পূর্ণিমা লেখেন, আল্লাহ যেন আজীবন সবার ভালোবাসা ও দোয়া নিয়ে বেঁচে থাকার তাওফিক দান করেন। একই সঙ্গে তিনি সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা, অফুরন্ত ভালোবাসা ও শুভকামনা জানান।
এদিকে, পূর্ণিমার এবারের জন্মদিনকে স্মরণীয় করে রাখতে চমকপ্রদ আইডিয়া ও জমকালো অনুষ্ঠানের আয়োজন করে চ্যানেল আই কর্তৃপক্ষ।
কণ্ঠশিল্পী কোনালের উপস্থাপনায় ‘জোছনার ওপারে পূর্ণিমা’ অনুষ্ঠানে পূর্ণিমা খোলামেলা বললেন অনেক কথাই। অনুষ্ঠান ধারণ পর্ব শেষে পূর্ণিমার জন্য অপেক্ষা করছিল জন্মদিনের চমক।
চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরকে সঙ্গে নিয়ে কেক কাটতে যান পূর্ণিমা। এই কেক কাটার মধ্যেই যে বাড়তি চমক অপেক্ষা করছিল তখনও বুঝতে পারেনি কেউ।
ছুরি দিয়ে কেক-এর নরম অংশ কাটতেই কেকের মধ্যে একটি শক্ত কিছু অনুভূত হয়। খোঁচা দিয়ে তুলতেই বেরিয়ে এলো একটি বাক্স। বাক্সের ভেতরে কি? সেটা কি দামি কোনো ঘড়ি নাকি হীরের কোনো অলংকার? রহস্যটা এখানে রেখে দেয়া হলো…!
রহস্য যাই থাকুক জন্মদিনে উপহার পেয়ে দারুণ খুশি পূর্ণিমা। স্মরণীয় হয়ে থাকলো তার এই দিনটি।





