
ঢাকা, ৯ মে – প্রথম দিন শেষে ৪৮ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছিলেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। দ্বিতীয় দিনের শুরুতেই ব্যক্তিগত অর্ধশতক পূর্ণ করেছেন তিনি। এটি তার টেস্ট ক্যারিয়ারের ২৯তম অর্ধশতক। কাকতালীয়ভাবে আজ মুশফিকের ৩৯তম জন্মদিন।
ব্যাট হাতে দুর্দান্ত ব্যাটিং করে নিজের বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখছেন এই ডানহাতি ব্যাটার।
শনিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিনের চতুর্থ ওভারেই শাহিন শাহ আফ্রিদির বলে সিঙ্গেল নিয়ে ফিফটির দেখা পান তিনি। মোট ৬টি চারের সাহায্যে তিনি এই মাইলফলক স্পর্শ করেন।
উইকেটে মুশফিককে যোগ্য সঙ্গ দিচ্ছেন লিটন কুমার দাস। লিটন বর্তমানে ২৬ রানে অপরাজিত আছেন। এই দুই ব্যাটারের অবিচ্ছিন্ন জুটিতে এখন পর্যন্ত স্কোরবোর্ডে ৪৫ রান যোগ হয়েছে। খেলা ৯০ ওভার শেষ হওয়ার সময় ৪ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ দাঁড়িয়েছে ৩২১ রান।
এনএন/ ৯ মে ২০২৬






