জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন | চ্যানেল আই অনলাইন

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন | চ্যানেল আই অনলাইন

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের মনোনীত প্রার্থী নির্বাচিত হওয়ায় গভীর সন্তোষ, গর্ব ও স্বস্তি প্রকাশ করেছেন মো. সাহাবুদ্দিন।

বুধবার ৩ জুন বঙ্গভবন থেকে পাঠানো এক অভিনন্দন বার্তায় রাষ্ট্রপতি এ প্রতিক্রিয়া জানান।

বার্তায় তিনি এই গৌরবময় অর্জনের জন্য বাংলাদেশের বর্তমান গণতান্ত্রিক সরকার, নবনির্বাচিত সভাপতি ড. খলিলুর রহমান, দেশের কূটনীতিকবৃন্দ এবং সর্বোপরি দেশের জনগণকে আন্তরিক অভিনন্দন জানান। রাষ্ট্রপতি জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, বাংলাদেশের প্রতি পূর্ণ আস্থা ও সমর্থন প্রদর্শনের মাধ্যমে তারা এ বিজয়কে সম্ভব করেছেন।

তিনি বলেন, আমি বিশ্বাস করি, এ অর্জন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা ও গ্রহণযোগ্যতাকে আরও দৃঢ় করবে।

রাষ্ট্রপতি আশা প্রকাশ করে বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব পালনের মাধ্যমে বাংলাদেশ বৈশ্বিক বিভিন্ন ইস্যুতে আরও কার্যকর ভূমিকা রাখবে এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।