জিম্মার শর্ত ভঙ্গ, বন বিভাগের হেফাজতে ‘নিহার কলি’ ও ‘সম্রাট বাহাদুর’ | চ্যানেল আই অনলাইন

জিম্মার শর্ত ভঙ্গ, বন বিভাগের হেফাজতে ‘নিহার কলি’ ও ‘সম্রাট বাহাদুর’ | চ্যানেল আই অনলাইন

জিম্মার শর্ত ভঙ্গ করায় ‘নিহার কলি’ ও ‘সম্রাট বাহাদুর’ নামের দুটি হাতিকে পুনরায় বন বিভাগের হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।

আজ (২৫ আগস্ট) মঙ্গলবার বন বিভাগ জানিয়েছে, গত ১২ আগস্ট গাজীপুর সাফারি পার্ক কর্তৃপক্ষের মাধ্যমে হাতি দুটি পৃথক দুই ব্যক্তির জিম্মায় দেওয়া হয়েছিল। তবে পরে জিম্মাগ্রহীতারা নির্ধারিত শর্ত যথাযথভাবে পালন করছেন না বলে তথ্য পাওয়া যায়। বিষয়টি মন্ত্রীর নজরে আসার পর হাতি দুটির নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

মন্ত্রীর নির্দেশনার পরিপ্রেক্ষিতে ২৪ আগস্ট বন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা অভিযান চালিয়ে হাতি দুটি পুনরায় নিজেদের হেফাজতে নেন। ‘নিহার কলি’ নামের মাদি হাতিটিকে মৌলভীবাজারের কমলগঞ্জ এলাকা থেকে এবং ‘সম্রাট বাহাদুর’ নামের পুরুষ হাতিটিকে জুড়ী উপজেলার শিলুয়া চা-বাগানসংলগ্ন এলাকা থেকে বন বিভাগের হেফাজতে নেওয়া হয়েছে।

পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেন, বন্যপ্রাণীর কল্যাণ, নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে বন্যপ্রাণী জিম্মায় দেওয়ার পর নির্ধারিত শর্ত পালনে ব্যত্যয় ঘটলে আইন ও বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী বলেন, মন্ত্রীর নির্দেশনা পাওয়ার পর দ্রুত কার্যক্রম শুরু করা হয়েছে। মন্ত্রী বর্তমানে মঙ্গোলিয়ায় কপ-১৭ সম্মেলনে অবস্থান করলেও হাতি দুটির বিষয়ে নিয়মিত খোঁজখবর রাখছেন।

বন বিভাগের তত্ত্বাবধানে হাতি দুটি বর্তমানে গাজীপুর সাফারি পার্কে নেওয়া হচ্ছে। সেখানে পৌঁছানোর পর দায়িত্বপ্রাপ্ত ভেটেরিনারি কর্মকর্তা ও বিশেষজ্ঞ মেডিকেল বোর্ডের সদস্যরা হাতি দুটির স্বাস্থ্য পরীক্ষা করবেন।

স্বাস্থ্য পরীক্ষার পর হাতি দুটিকে নির্ধারিত শেডে স্থানান্তর করা হবে। সেখানে তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে বলে জানিয়েছে বন বিভাগ।