জ্বালানি সাশ্রয়ে মোদির নীতি, বহরের গাড়ি অর্ধেকে নামানোর নির্দেশ | চ্যানেল আই অনলাইন

জ্বালানি সাশ্রয়ে মোদির নীতি, বহরের গাড়ি অর্ধেকে নামানোর নির্দেশ | চ্যানেল আই অনলাইন

বিশ্বজুড়ে জ্বালানি সংকট ও অস্থির অর্থনৈতিক পরিস্থিতির মধ্যে কৃচ্ছ্রসাধনের অংশ হিসেবে নিজের গাড়িবহরে থাকা যানবাহনের সংখ্যা ৫০ শতাংশ কমানোর নির্দেশ দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একই সঙ্গে তিনি তার নিরাপত্তার দায়িত্বে থাকা বিশেষ সুরক্ষা গ্রুপকে (এসপিজি) বহরে বৈদ্যুতিক গাড়ির (ইভি) সংখ্যা বাড়ানোর নির্দেশ দিয়েছেন।

সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

তবে এ উদ্দেশ্যে নতুন কোনো গাড়ি কেনা যাবে না বলেও স্পষ্ট করে দিয়েছেন তিনি। সর্বশেষ তথ্য অনুযায়ী, এসপিজি ইতোমধ্যে প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নের কাজ শুরু করেছে। যদিও নিরাপত্তাবিষয়ক ‘ব্লু বুক’-এ উল্লেখিত বাধ্যতামূলক নিরাপত্তা নির্দেশনা বজায় রাখা হবে।

প্রধানমন্ত্রীর এই কৃচ্ছ্রসাধন উদ্যোগ এখন ভারতীয় জনতা পার্টি-শাসিত বিভিন্ন রাজ্যেও অনুসরণ করা হচ্ছে। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা, রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজন লাল শর্মা এবং মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব তাদের সরকারি গাড়িবহরের সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়েছেন।

বিশ্লেষকদের মতে, জ্বালানির দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করা এবং প্রশাসনিক ব্যয় কমানোর বৃহত্তর উদ্যোগের অংশ হিসেবেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। সম্প্রতি প্রধানমন্ত্রী মোদি অপ্রয়োজনীয় ভ্রমণ কমানো এবং জাতীয় সম্পদের সাশ্রয়ী ব্যবহারের আহ্বান জানিয়েছিলেন।

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের জেরে বৈশ্বিক জ্বালানি সংকট ও অপরিশোধিত জ্বালানির দাম বৃদ্ধির প্রেক্ষাপটে গত রোববার দেশবাসীর প্রতি যৌথভাবে অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলার আহ্বান জানান মোদি। তিনি বলেন, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, সরবরাহব্যবস্থার বিঘ্ন এবং মূল্যস্ফীতির চাপ মোকাবিলায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

এ সময় নাগরিকদের জাতীয়ভাবে দায়িত্বশীল জীবনধারা অনুসরণের আহ্বান জানিয়ে স্থানীয় পণ্য ব্যবহারে উৎসাহ দেন তিনি। মোদি প্রশ্ন রাখেন, সব কিছুর জন্য আমদানির ওপর নির্ভর করলে দেশ কীভাবে এগোবে?

এছাড়া বৈদেশিক মুদ্রার ওপর চাপ কমাতে এক বছরের জন্য অপ্রয়োজনীয় স্বর্ণ কেনা থেকে বিরত থাকার পরামর্শ দেন তিনি। একই সঙ্গে বিদেশ ভ্রমণ ও বিদেশে গন্তব্যভিত্তিক বিয়ে আয়োজন এড়িয়ে চলার আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংরক্ষণ করাও দেশপ্রেমের অংশ। তিনি দেশবাসীকে বিদেশে ছুটি কাটানোর পরিবর্তে দেশের ভেতরে পর্যটন ও অনুষ্ঠান আয়োজনের প্রতি গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।