ওসি ফেরদৌস আহমেদ প্রথম আলোকে বলেন, গতকাল রাত সাড়ে ১০টায় টঙ্গী রেলস্টেশনের আউটার সিগন্যালে (আকিজ বেকারসের পেছনে) চট্টগ্রাম থেকে আসা ঢাকাগামী ‘কর্ণফুলী এক্সপ্রেস’ ট্রেনে ছিনতাই ও হামলার ঘটনা ঘটে। এতে ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষকসহ (টিটিই) কয়েকজন যাত্রী আহত হন। হামলা ও ছিনতাইয়ের ঘটনায় রেলস্টেশনের আশপাশের এলাকায় অভিযান চালিয়ে নয়জনকে গ্রেপ্তার করেছে রেলওয়ে ও টঙ্গী পূর্ব থানা-পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে একটি চাইনিজ কুড়াল, দুটি চাকু ও ছিনতাই হওয়া কয়েকটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গাজীপুর মহানগরের টঙ্গী পূর্ব থানা এলাকার মেহেদী হাসান জয় (২৬), আমতলী কেরানিরটেক এলাকার মো. রনি (৩৫), নরসিংদীর পলাশ থানার ঘোড়াশাল গ্রামের রবিউল হাসান (৪০), টঙ্গী পূর্ব থানার মরকুন পশ্চিমপাড়া এলাকার মো. স্বাধীন (৩০), জামালপুরের বকশীগঞ্জ উপজেলার কলাফাতি গ্রামের সাইফুল ইসলাম (২৫), বকশীগঞ্জের গলাবাধি গ্রামের মো. মাসুদ (২৭), টঙ্গী পূর্ব থানার নতুন বাজার এলাকার মো. নাসির (২০), গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বলিয়াদী বাজার এলাকার মো. নয়ন হাসান (২৮) ও টঙ্গীর ব্যাংকের মাঠ বস্তির মো. আশিক (২২)।

