
টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (টিআইএফএফ) প্ল্যাটফর্ম পুরস্কার জিতেছে নাগাল্যান্ডের নির্মাতা থেজা রিও পরিচালিত ভারতীয় সিনেমা ‘আং’। এই পুরস্কারের মধ্য দিয়ে সিনেমাটি ৯৯তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে (অস্কার) সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে যাওয়ার সরাসরি সুযোগ পেল।
চলতি বছর অস্কারে আন্তর্জাতিক সিনেমার যোগ্যতার নিয়মে পরিবর্তন আনার পর এই প্রথম টিআইএফএফের প্ল্যাটফর্ম পুরস্কারের মাধ্যমে কোনো সিনেমা অস্কারের পথে এগোল।
নাগাল্যান্ডের ষাটের দশকের শুরুর সময়কে কেন্দ্র করে নির্মিত ‘আং’ সিনেমাটির ভাষা কন্যাক। গল্পে উঠে এসেছে এক সাবেক গ্রামপ্রধান ও তার ছোট ছেলের জীবন। আধুনিক বিশ্বের প্রভাব থেকে অনেকটা বিচ্ছিন্ন একটি সম্প্রদায়ের প্রাচীন জীবনযাপন টিকিয়ে রাখার চেষ্টার মধ্যেই সেখানে হাজির হন এক মার্কিন ধর্মপ্রচারক। তার আগমনে বিশ্বাস, সাংস্কৃতিক পরিচয় এবং পরিবর্তনশীল পৃথিবীর নানা প্রশ্ন বাবা-ছেলের সম্পর্কেও প্রভাব ফেলতে শুরু করে।
সিনেমাটিতে নাগাল্যান্ডের আদিবাসী অভিনয়শিল্পীদের পাশাপাশি অভিনয় করেছেন স্কটিশ অভিনেতা ডগলাস হেনশল।
টিআইএফএফের প্ল্যাটফর্ম বিভাগের জুরি বোর্ডের নেতৃত্বে ছিলেন নির্মাতা পাবলো ট্রাপেরো। সিনেমাটিকে পুরস্কার দেওয়ার কারণ হিসেবে জুরি উল্লেখ করেছে, এর ‘সতেজ দৃষ্টিভঙ্গি, নির্মাণের শক্তি এবং গভীরভাবে অনুরণিত একটি জগতের চিত্রায়ণ’। একই সঙ্গে নির্মাতার দৃষ্টিভঙ্গি, সাহস ও সৃজনশীল ঝুঁকি নেওয়ার প্রশংসাও করেছে জুরি।
অস্কারের নতুন নিয়মে ‘আং’
৯৯তম অস্কার সামনে রেখে চলতি বছর আন্তর্জাতিক ফিচার ফিল্মের যোগ্যতার নিয়মে পরিবর্তন এনেছে অ্যাকাডেমি। নতুন নিয়ম অনুযায়ী, ইংরেজি ছাড়া অন্য ভাষার কোনো সিনেমা আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে দুটি পথে অংশ নেওয়ার সুযোগ পাবে। প্রচলিত নিয়ম অনুযায়ী কোনো যোগ্য দেশ বা অঞ্চল সিনেমাটি মনোনয়ন দিতে পারে। পাশাপাশি নির্দিষ্ট ছয়টি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের বিশেষ পুরস্কার জিতলেও সিনেমাটি সরাসরি অস্কারের এই বিভাগে যাওয়ার যোগ্যতা অর্জন করবে।
এই ছয় পুরস্কারের মধ্যে রয়েছে বার্লিন চলচ্চিত্র উৎসবের গোল্ডেন বিয়ার, বুসানের সেরা সিনেমার পুরস্কার, কান চলচ্চিত্র উৎসবের পাম দ’অর, সানড্যান্সের ওয়ার্ল্ড সিনেমা গ্র্যান্ড জুরি প্রাইজ, টরন্টোর প্ল্যাটফর্ম পুরস্কার এবং ভেনিস চলচ্চিত্র উৎসবের গোল্ডেন লায়ন।
ফলে টিআইএফএফের প্ল্যাটফর্ম পুরস্কার জিতে ‘আং’ এই নতুন ব্যবস্থায় অস্কারের যোগ্যতা অর্জন করা প্রথম সিনেমা হিসেবে জায়গা করে নিল।
এদিকে, মারাঠি ভাষার সিনেমা ‘গোন্ধল’-কে ২০২৭ সালের অস্কারে ভারতের আনুষ্ঠানিক প্রতিনিধিত্বের জন্য নির্বাচিত করেছে ফিল্ম ফেডারেশন অব ইন্ডিয়া। সন্তোষ দাবাখর পরিচালিত সিনেমাটি প্রচলিত দেশীয় মনোনয়ন প্রক্রিয়ার মাধ্যমে অস্কারে যাবে। অন্যদিকে ‘আং’ টিআইএফএফের পুরস্কার জয়ের মাধ্যমে স্বাধীনভাবে অস্কারের যোগ্যতা অর্জন করেছে। ফিল্মফেয়ার
প্রতিবেদক
চ্যানেল আই অনলাইন
চ্যানেল আই অনলাইন
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…
