দেশের বাজারে স্বর্ণ ও রুপার দাম আবারও বৃদ্ধি পেয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ৪ হাজার ৩৭৪ টাকা বেড়ে নতুন করে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৬৫ হাজার ৪১৪ টাকায়।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৩০ মিনিট থেকে নতুন দাম কার্যকর করা হয়েছে। এর আগে গত ২৩ ফেব্রুয়ারি এবং ২১ ফেব্রুয়ারি দুই দফায় দাম বৃদ্ধি করা হয়েছিল। তিন দফার এই বৃদ্ধি মিলিয়ে ভালো মানের এক ভরি স্বর্ণের দাম ৯ হাজার ৮৫৬ টাকা বেড়েছে।
২১ ক্যারেটের স্বর্ণের দাম ৪ হাজার ১৯৯ টাকা বাড়িয়ে ২ লাখ ৫৩ হাজার ৩৪২ টাকা, ১৮ ক্যারেটের স্বর্ণের দাম ৩ হাজার ৫৫৭ টাকা বাড়িয়ে ২ লাখ ১৭ হাজার ১২৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ২ হাজার ৯১৫ টাকা বৃদ্ধি করে এক লাখ ৭৭ হাজার ৭০১ টাকা নির্ধারণ করা হয়েছে।
রুপার বাজারেও দাম বৃদ্ধি পেয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ১৭৫ টাকা বাড়িয়ে ৬ হাজার ৮৮২ টাকা, ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ১১৭ টাকা বাড়িয়ে ৬ হাজার ৫৩২ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ১১৭ টাকা বাড়িয়ে ৫ হাজার ৫৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ১১৭ টাকা বাড়িয়ে ৪ হাজার ১৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে।




