ঢালিউড সুপারস্টার শাকিব খান আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে। তার আসন্ন সিনেমা ‘রকস্টার’-এর একটি ছোট্ট টিজার ঘোষণা ভিডিওই এখন সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিংয়ের ঝড় তুলেছে!
শনিবার সকালে নিজের সোশাল প্ল্যাটফর্মে ৫৪ সেকেন্ডের একটি অ্যানিমেটেড ভিডিও প্রকাশ করেন শাকিব খান। ভিডিওটির ক্যাপশনে তিনি লেখেন,“একটা গল্প, যা বদলে দেবে সবকিছু! আসছে খুব শিগগিরই।”
খুব সাধারণ একটি ঘোষণা হলেও, মুহূর্তের মধ্যেই এটি ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করে এবং হ্যাশট্যাগে রকস্টার নিয়ে শুরু হয় অনলাইন আলোচনা।
ভিডিওর শুরুতেই ঝুম বৃষ্টির আবহ, উঁচু ভবনের দেয়ালে ভেসে ওঠা ‘রকস্টার’ শাকিবের ইমেজ এবং রহস্যময় দুই চরিত্র দর্শকদের কৌতূহলী করে তোলে। কনসার্টের বিশাল মঞ্চে পারফর্ম করতে দেখা যায় তাকে, যেখানে “আমাকে পুড়িয়ে দাও, আমাকে ভাসিয়ে দাও” গানের লাইনটি আরও রহস্য বাড়ায়। সবশেষে জানানো হয়, আগামী ৫ মে প্রকাশ পাবে সিনেমাটির টিজার।
সিনেমাটি নির্মাণ করছেন আজমান রুশো এবং প্রযোজনায় রয়েছে সান মোশন পিকচার্স লিমিটেড। এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন সাবিলা নূর। পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন তানজিয়া জামান মিথিলা।
অনেকে বলছেন, শুধু একটি টিজার ঘোষণাই যদি এমন ট্রেন্ড তৈরি করতে পারে, তাহলে মূল টিজার প্রকাশের পর সিনেমাটি ঘিরে উত্তেজনা আরও কয়েকগুণ বাড়বে।






