টেসলা চীনে ‘মেগাপ্যাক ব্যাটারি’ কারখানা করছে, আবার কমিয়েছে গাড়ির দাম

টেসলা চীনে ‘মেগাপ্যাক ব্যাটারি’ কারখানা করছে, আবার কমিয়েছে গাড়ির দাম

বর্তমানে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় টেসলার একটি মেগাপ্যাক কারখানা আছে। সেখানেও বছরে ১০ হাজার ব্যাটারি উৎপাদিত হচ্ছে।

মেগাপ্যাক বিশালাকার ব্যাটারি। এতে বিপুল পরিমাণ বিদ্যুৎ সংরক্ষণ করা যায়। বিদ্যুৎ গ্রিডের স্থিতিশীলতা রক্ষা ও বিদ্যুৎ–বিভ্রাট ঠেকাতে এই ব্যাটারি সহায়ক ভূমিকা পালন করে। এই ব্যাটারিতে বিপুল পরিমাণ বিদ্যুৎ সংরক্ষণ করা যায় বলে বিদ্যুতের অতিরিক্ত উৎপাদন হলে এই ব্যাটারির সাহায্যে তা এক দেশ থেকে আরেক দেশে বা আরেক রাজ্যে পাঠিয়ে দেওয়া সম্ভব। ফলে অনিয়মিত উৎস থেকে প্রাপ্ত বিদ্যুৎ সংরক্ষণ করে প্রয়োজনের সময় বাড়তি চাহিদা মেটাতে সাহায্য করে এই ব্যাটারি।

রয়টার্সের সংবাদে বলা হয়েছে, সাংহাইয়ে এ কারখানা স্থাপন করে টেসলা চীনের ব্যাটারি সরবরাহব্যবস্থার সুবিধা নিতে চায়। সেই সঙ্গে এতে তার মেগাপ্যাক লিথিয়াম-আয়ন ব্যাটারির দামও কমবে। বিশ্বব্যাপী এর ব্যবহার বাড়বে। বিশ্বে নবায়নযোগ্য বিদ্যুতের চাহিদা বৃদ্ধি পাওয়ায় বিদ্যুৎ সংরক্ষণে ব্যবহৃত ব্যাটারির চাহিদাও বাড়ছে। ফলে এ কারখানার ভবিষ্যৎ উজ্জ্বল বলেই মনে করছেন বিশ্লেষকেরা।

টেসলা বিদ্যুৎ–চালিত গাড়ি দিয়েই মূল ব্যবসা করে। তবে ইলন মাস্ক সৌরবিদ্যুৎ ও ব্যাটারির ব্যবসাও বড় করতে চান, মোটামুটি বিদ্যুৎ–চালিত গাড়ির সমপর্যায়ে নিয়ে যেতে চান।