<![CDATA[
এবার দেড় লাখ মার্কিন ডলার দিয়ে আরেক মডেলের মুখ বন্ধ করে যৌন কেলেঙ্কারির ঘটনা ধামাচাপা দেয়ার অভিযোগ উঠেছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষের অভিযোগে ট্রাম্পকে গ্রেফতারের পর নতুন করে তার বিরুদ্ধে আরেক মডেলের সঙ্গে যৌন কেলেঙ্কারির ঘটনা সামনে আসায় সৃষ্টি হয়েছে চাঞ্চল্যের।
মার্কিন পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলস ছাড়া আরও এক মডেলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে জড়ানো এবং অর্থ দিয়ে তার মুখ বন্ধের অভিযোগ উঠেছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। ট্রাম্প মঙ্গলবার (৪ এপ্রিল) আদালতে আত্মসমর্পণ করলে এ অভিযোগ তোলেন সরকারি আইনজীবী। এই মডেলের নাম কারেন ম্যাকডুগাল। যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা শহরের বাসিন্দা তিনি।
গত শতাব্দীর নব্বইয়ের দশকে প্রাপ্তবয়স্কদের পত্রিকা হিসেবে পরিচিত প্লেবয় ম্যাগাজিনে মডেল হিসেবে কাজ করতেন তিনি। এছাড়াও অভিনেত্রী হিসেবে বেশ নামডাক রয়েছে তার।
আরও পড়ুন: বাইডেন পরিবারের সবাই অপরাধী: ট্রাম্প
২০০৬ থেকে ২০০৭ সাল এই এক বছরের মধ্যে ট্রাম্প তার সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছিলেন বলে দাবি ওই মডেলের। যদিও স্টর্মি ড্যানিয়েলের মতোই কারেনের অভিযোগও অস্বীকার করেন সাবেক প্রেসিডেন্ট।
২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বিতার সময় কারেনের অভিযোগ সামনে এলে, তার মুখ বন্ধ রাখতে ওই মডেলকে দেড় লাখ মার্কিন ডলার দেয়া হয়েছিল বলে দাবি করেছে আমেরিকান মিডিয়া ইনকর্পোরেট এএমআই। প্লেবয় ম্যাগাজিনে কাজ করা ওই মডেলকে কোথায় টাকা দেয়া হয়েছিল, তাও জানিয়েছে এএমআই। সংস্থার কর্মকর্তাদের দাবি, ২০১৮ সালে ম্যানহাটান ডিস্ট্রিক্ট অ্যাটর্নি জেনারেলের অফিসে এই লেনদেন হয়।
মঙ্গলবার আদালতে ট্রাম্প আত্মসমর্পণ করলে এজলাসে সরকারি আইনজীবী বলেন, এএমআইয়ের সাবেক প্রধান নির্বাহী ডেভিড পেকারের সঙ্গে দীর্ঘদিন ধরে ট্রাম্পের ঘনিষ্ঠ সম্পর্ক থাকায় প্লেবয় পত্রিকার মডেলকে টাকা দেন ডেভিড পেকার। পরে পেকারকে ওই টাকা পরিশোধের কথা থাকলেও তা পরিশোধ করেননি ট্রাম্প।
আরও পড়ুন: মুক্ত হয়েই বিরোধীদের এক হাত নিলেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের নির্বাচন কমিশন ২০২১ সালে এই মামলার রায়ে প্লেবয় মডেল কারেন ম্যাকডুগালকে এএমআইয়ের পক্ষ থেকে বিপুল অঙ্কের টাকা দেয়ায় নির্বাচনে সুবিধা ভোগ করে ট্রাম্প, উল্লেখ করে এক লাখ ৮৭ হাজার পাঁচ’শ মার্কিন ডলার জরিমানা করে।
মার্কিন পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলকেও মুখ বন্ধ রাখতে একই কারণে বিপুল অঙ্কের টাকা ট্রাম্পের পক্ষ থেকে ঘুষ দেয়ার অভিযোগে মঙ্গলবার আদালতে আত্মসমর্পণ করলে সাবেক প্রেসিডেন্টকে প্রথমে গ্রেফতার এবং পরে তাকে ছেড়ে দেয়া হয়। আদালত পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন আগামী ৮ আগস্ট।
]]>


