ভারতীয় চলচ্চিত্রে দীর্ঘ তিন দশকের অভিনয় ক্যারিয়ার ও সামাজিক অবদানের স্বীকৃতি হিসেবে সম্মানজনক ডক্টরেট ডিগ্রি পেয়েছেন বলিউড অভিনেত্রী রানি মুখার্জি। অস্ট্রেলিয়ার লা ট্রোব বিশ্ববিদ্যালয় তাকে এ সম্মাননা প্রদান করেছে।
মেলবোর্নে অনুষ্ঠিত ভারতীয় চলচ্চিত্র উৎসবের (আইএফএফএম) বিশেষ আয়োজনে আনুষ্ঠানিকভাবে তার হাতে ডিগ্রি তুলে দেওয়া হয়। অভিনয়ের পাশাপাশি শিক্ষা, নারী ক্ষমতায়ন ও শিশু কল্যাণে অবদানের স্বীকৃতি হিসেবে বিশ্ববিদ্যালয়টি তাকে এই সম্মান দিয়েছে।
তিন দশকের ক্যারিয়ারে ‘ব্ল্যাক’, ‘হিচকি’, ‘মর্দানি’ ও ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’র মতো সিনেমায় শক্তিশালী নারী চরিত্রে অভিনয় করে দর্শক ও সমালোচকদের প্রশংসা পেয়েছেন রানি।
সম্মাননা গ্রহণের পর আবেগাপ্লুত রানি মুখার্জি লা ট্রোব বিশ্ববিদ্যালয়কে ধন্যবাদ জানিয়ে বলেন, এই স্বীকৃতি শুধু তাকে নয়, ভারতীয় চলচ্চিত্রের প্রতিও সম্মান।
তিনি বলেন, কিশোরী বয়সে চলচ্চিত্রে যাত্রা শুরুর সময় কোনো নির্দিষ্ট পথনির্দেশ ছিল না। নিজের সেরাটা দেওয়ার চেষ্টা থেকেই আজকের অবস্থানে পৌঁছেছেন তিনি।
রানি আরও বলেন, তার অভিনীত নারী চরিত্রগুলো দেশের সীমানা পেরিয়ে বিভিন্ন সংস্কৃতির মানুষের হৃদয় ছুঁয়ে যাবে, তা তিনি কখনো ভাবেননি।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
মেলবোর্নে তার সম্মাননা গ্রহণের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ভক্তরা তাকে অভিনন্দন জানাচ্ছেন।

