ডিএনসিসি সদস্য সচিব সাজ্জাদুল মিরাজের ছেলে মারা গেছেন | চ্যানেল আই অনলাইন

ডিএনসিসি সদস্য সচিব সাজ্জাদুল মিরাজের ছেলে মারা গেছেন | চ্যানেল আই অনলাইন

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজের বড় ছেলে মিনহাজুল ইসলাম রোজান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সাজ্জাদুল মিরাজ ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক।

রোববার (২৩ আগস্ট) বিকেলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৮ বছর বয়সী রোজান মারা যান। তার এই আকস্মিক প্রয়াণে পরিবার, স্বজন, সহপাঠী, রাজনৈতিক সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। শফিকুল ইসলাম খান মিল্টন নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এ তথ্য জানান।

মিনহাজুল ইসলাম রোজান ঢাকা ক্যান্টনমেন্টের নির্ঝর বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। শিক্ষাজীবনে তিনি মেধা, শৃঙ্খলা ও নেতৃত্বগুণের জন্য শিক্ষক ও সহপাঠীদের কাছে অত্যন্ত পরিচিত ও সমাদৃত ছিলেন। তিনি অষ্টম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত টানা পাঁচ বছর ক্লাস ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি তিনি বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (BNCC)-এর ক্যাপ্টেন হিসেবেও সুনাম ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছিলেন।

পরিবার সূত্রে জানা যায়, সম্প্রতি এইচএসসি পরীক্ষার শেষ দিকে রোজান অতিরিক্ত মানসিক চাপের মধ্যে ছিলেন। প্র্যাকটিক্যাল পরীক্ষা দেওয়ার সময় কয়েক দিন আগে তিনি হঠাৎ অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়েন।

অবস্থার দ্রুত অবনতি হলে তাকে প্রথমে মিরপুর-১১ নম্বরের একটি হাসপাতালে এবং সেখান থেকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরবর্তীতে চিকিৎসকদের পরামর্শে তাকে এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

চিকিৎসাধীন অবস্থায় তার রক্তে শর্করা, কিডনি, হৃদ্‌যন্ত্র, সোডিয়াম, রক্তচাপ, হিমোগ্লোবিন ও ফুসফুসসহ বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গে জটিলতা দেখা দেয়। চিকিৎসকদের আপ্রাণ চেষ্টা সত্ত্বেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।