বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, অনুষ্ঠানের ব্যানারে জিয়াউর রহমানের ছবি না রাখা এবং এক বক্তার বক্তব্যে বারবার শেখ মুজিবুর রহমানকে ‘জাতির পিতা’ সম্বোধনের সময় জেলা প্রশাসক নীরব ভূমিকা পালন করেছেন। এ ঘটনায় জেলা ছাত্রদল তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। ৭২ ঘণ্টার মধ্যে জেলা প্রশাসককে অপসারণ করা না হলে দাবি আদায়ে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
জেলা ছাত্রদলের সভাপতি এ কে এম গোলাম মাহফুজ প্রথম আলোকে বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় তাৎক্ষণিকভাবে তাঁরা প্রতিবাদ করেছেন। তিনি বলেন, ‘আমরা জেলা প্রশাসকের অপসারণ চাই। তাঁর অপসারণের জন্য সময়সীমা বেঁধে দিয়েছি।’
গতকাল বিকেলে জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় বিষয়টি নিয়ে হট্টগোল হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী। জেলা প্রশাসক, পুলিশ সুপার শাহনাজ বেগম, জেলা বিএনপি ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




