ড্রাইভিং লাইসেন্স নিয়ে যে জরুরি বার্তা দিলো বিআরটিএ! | চ্যানেল আই অনলাইন

ড্রাইভিং লাইসেন্স নিয়ে যে জরুরি বার্তা দিলো বিআরটিএ! | চ্যানেল আই অনলাইন

সড়ক পরিবহন আইন কঠোরভাবে বাস্তবায়নের অংশ হিসেবে মোটরযান চালকদের ড্রাইভিং লাইসেন্স থেকে দোষসূচক পয়েন্ট কর্তনের কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। এ বিষয়ে জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে চালকদের বিদ্যমান আইন ও বিধিমালা মেনে সতর্কতার সঙ্গে যানবাহন চালানোর আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ১১(১) ধারা অনুযায়ী প্রতিটি ড্রাইভিং লাইসেন্সের জন্য মোট ১২টি পয়েন্ট নির্ধারিত রয়েছে। কোনো চালক সড়ক বা মহাসড়কে ট্রাফিক আইন লঙ্ঘন করলে অর্থদণ্ড বা কারাদণ্ডের পাশাপাশি অতিরিক্ত শাস্তি হিসেবে তার লাইসেন্স থেকে নির্ধারিত দোষসূচক পয়েন্ট কেটে নেওয়া হবে।

বিআরটিএ জানায়, বর্তমানে ‘রোড সেফটি পেনাল্টি সিস্টেম’ (আরএসপিএস) অ্যাপের মাধ্যমে ট্রাফিক আইন ভঙ্গের ঘটনা শনাক্ত হলে স্বয়ংক্রিয়ভাবে সংশ্লিষ্ট চালকের লাইসেন্স থেকে পয়েন্ট কর্তন করা হচ্ছে।

সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং দুর্ঘটনা কমানোর লক্ষ্যে দেশের সব মোটরযান চালককে ট্রাফিক আইন কঠোরভাবে মেনে চলার নির্দেশ দিয়েছে সংস্থাটি।