গতকাল বেলা পৌনে ১টার দিকে কর্ণফুলী নদীতে নোঙর করা এফভি দেশ নামের মাছ ধরার নৌযানে (ফিশিং ভেসেল) বিস্ফোরণের পর আগুন ধরে যায়। এতে এফভি দেশ নৌযানের ক্যাডেট প্রকৌশলী আশিকুজ্জামান তামিম, নাবিক মো. রুবেল, শাহ আলম এবং পাশে নোঙর করা এফভি ডিজনির নাবিক নিজাম উদ্দিন, মো. রাসেল ও ছিদ্দিক আহমেদ দগ্ধ হন।
এ ঘটনার পর নৌযানটির আহত ছয় নাবিককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়। এর মধ্যে শতভাগ দগ্ধ প্রকৌশলী আশিকুজ্জামান, নাবিক রুবেল ও শাহ আলমকে ঢাকায় পাঠানো হয়। তবে পথে মারা যান রুবেল ও শাহ আলম। বাকি দগ্ধ তিন নাবিক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আশঙ্কামুক্ত হওয়া আজ সকালে তাঁদের হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়।




