এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হলে দুই শিক্ষার্থীর বিরুদ্ধে ‘সমকামিতায়’ জড়িত থাকার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার রাতে তাঁদের হলের আবাসিক সিট স্থায়ীভাবে বাতিল করা হয়েছে।
হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মো. আখতারুজ্জামান আজ বুধবার প্রথম আলোকে বলেন, ‘আমরা অভিযুক্ত দুই শিক্ষার্থীর হলের সিট স্থায়ীভাবে বাতিল করেছি।’
হল সংসদের সাধারণ সম্পাদক (জিএস) আহমেদ আল সাবাহ গতকাল রাতে বিষয়টি জানিয়ে তাঁর ফেসবুকে পোস্ট দেন। পোস্টে তিনি বলেন, দুই আবাসিক শিক্ষার্থীর বিরুদ্ধে ‘গুরুতর সামাজিক শৃঙ্খলাভঙ্গের (সমকামিতা)’ অভিযোগের প্রমাণ পাওয়ার পর তাঁদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। হল থেকে তাঁদের স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। স্থানীয় অভিভাবকের উপস্থিতিতে তাঁদের তাৎক্ষণিকভাবে হল থেকে বের করে দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের মাধ্যমে তাঁদের বিরুদ্ধে আরও কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।




