ঢাকা বিশ্ববিদ্যালয়ে উইন্টার কোর্স, উন্নয়নসংক্রান্ত নানা বিষয়ে হাতে–কলমে প্রশিক্ষণ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে উইন্টার কোর্স, উন্নয়নসংক্রান্ত নানা বিষয়ে হাতে–কলমে প্রশিক্ষণ

বাংলাদেশের সামগ্রিক উন্নয়ন, ব্যবহারিক অভিজ্ঞতা এবং তত্ত্বের যুগোপযোগী সমন্বয়ে তরুণ পেশাজীবীদের দক্ষ করে তুলতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন (ডিপার্টমেন্ট অব ডেভেলপমেন্ট স্টাডিজ) বিভাগ এবং ‘ফ্রেন্ডশিপ একাডেমি’ যৌথভাবে আয়োজন করতে যাচ্ছে শীতকালীন বিশেষ কোর্স।

ডেভেলপমেন্ট ইন প্র্যাকটিস ২০২৬ শীর্ষক মাসব্যাপী এই এক্সিকিউটিভ কোর্সে ভর্তিপ্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উচ্চতর ক্লাসের পাশাপাশি গাইবান্ধার চরাঞ্চলে বাস্তব অভিজ্ঞতা অর্জনের জন্য ফিল্ড স্টাডির সুযোগ–সংবলিত এই কোর্সে অংশগ্রহণের জন্য আগ্রহী প্রার্থীদের আবেদন করার আহ্বান জানানো হয়েছে।

আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপের একাডেমি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের এই যৌথ উদ্যোগে তাত্ত্বিক ধারণার বাইরে গিয়ে উন্নয়ন খাতের বাস্তব রূপরেখা প্রত্যক্ষ করার অনন্য সুযোগ সৃষ্টি করা হয়েছে। মূলত ক্যারিয়ারের শুরুর দিকে থাকা তরুণ পেশাজীবী, গবেষক ও উন্নয়নকর্মীদের কথা মাথায় রেখেই এই বিশেষ পাঠ্যক্রম বা কারিকুলাম প্রণয়ন করা হয়েছে। মাসব্যাপী এই কোর্স কেবল ছুটির দিনে পরিচালিত হবে।

উন্নয়ন গবেষক মো. লাবিব তাজওয়ান উৎসব প্রথম আলোকে বলেন, ‘শ্রেণিকক্ষে দেশ-বিদেশের শীর্ষ গবেষক ও প্র্যাকটিশনারদের কাছ থেকে তাত্ত্বিক জ্ঞান অর্জনের পাশাপাশি গাইবান্ধার দুর্গম চরাঞ্চলে দুই দিনের ফিল্ড ভিজিট আমার চিন্তা-ভাবনাকে পুরোপুরি বদলে দিয়েছে।

গাইবান্ধার চরাঞ্চলে বাস্তব অভিজ্ঞতা নেওয়ার সময় অংশগ্রহণকারীরা

জলবায়ু পরিবর্তনের অভিঘাত সামলে চর এলাকার মানুষের লড়াই ও মাঠপর্যায়ের বাস্তব উন্নয়ন কার্যক্রম কীভাবে পরিচালনা করা হয়, তা সরেজমিনে দেখার সুযোগ পেয়েছি। থিওরি ও প্র্যাকটিসের এই দারুণ মেলবন্ধন আমার পেশাগত দৃষ্টিভঙ্গি অনেক সমৃদ্ধ করেছে। ক্যারিয়ারের শুরুর দিকে থাকা যেকোনো তরুণ পেশাজীবীর জন্য এই কোর্সটি সত্যিই অনন্য।’

আয়োজকদের সূত্রে জানা গেছে, এই প্রশিক্ষণ কোর্সে দেশ ও বিদেশের শীর্ষস্থানীয় উন্নয়ন বিশেষজ্ঞ, প্রথিতযশা সমাজবিজ্ঞানী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞ শিক্ষকেরা সেশন পরিচালনা করবেন। কোর্সের মূল উদ্দেশ্য হলো ক্লাসরুমভিত্তিক পড়াশোনার পাশাপাশি টেকসই উন্নয়ন, জলবায়ু পরিবর্তন অভিযোজন, দুর্যোগ ব্যবস্থাপনা এবং চরাঞ্চলের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জীবনসংগ্রামের বাস্তব অভিজ্ঞতা সরাসরি তুলে ধরা। পাঠ্যক্রমের অন্যতম আকর্ষণীয় অংশ হিসেবে শিক্ষার্থীদের জন্য গাইবান্ধার দুর্গম চরাঞ্চলে অবস্থিত ফ্রেন্ডশিপের বিভিন্ন সামাজিক উন্নয়ন প্রকল্প ও ইন্টারভেনশন এরিয়াগুলোতে দুই দিনের একটি সরাসরি ফিল্ড ভিজিট বা সরেজমিন অভিজ্ঞতার সুবিধা অন্তর্ভুক্ত করা হয়েছে।

গাইবান্ধার চরাঞ্চলে বাস্তব অভিজ্ঞতা নেওয়ার সময় অংশগ্রহণকারীরা

শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত সুযোগ হিসেবে এই কোর্স আংশিক স্পনসরড করা হয়েছে, যার ফলে তরুণ পেশাজীবীরা সাশ্রয়ী খরচে এবং বৃত্তি সহায়তায় কোর্সটি সম্পন্ন করতে পারবেন। কোর্সে ভর্তিসংক্রান্ত যাবতীয় তথ্য, বিস্তারিত পাঠ্যসূচি এবং অনলাইনে আবেদনের ফর্ম ‘ফ্রেন্ডশিপ একাডেমি’র নির্ধারিত ওয়েবসাইট -এ পাওয়া যাবে। উচ্চশিক্ষায় ব্যবহারিক শিক্ষার এ নতুন দিগন্ত তরুণ উন্নয়নকর্মীদের দক্ষতা বৃদ্ধি ও পেশাগত প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

বিস্তারিত তথ্য পাবেন এখানে: