ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফজলুল হক ট্রাস্ট ফান্ড চালু | চ্যানেল আই অনলাইন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফজলুল হক ট্রাস্ট ফান্ড চালু | চ্যানেল আই অনলাইন

চলচ্চিত্র পরিচালক ও চলচ্চিত্র সাংবাদিকতার পথিকৃৎ প্রয়াত ফজলুক হকের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম এন্ড ফটোগ্রাফি বিভাগের শিক্ষার্থীদের জন্যে গঠিত হলো ফজলুল হক স্টুডেন্ট ফিল্ম প্রোডাকশন সাপোর্ট ট্রাস্ট ফান্ড।

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে ভিসি কার্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ওবায়দুল ইসলাম ও ট্রেজারার অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম চৌধুরীর হাতে আনুষ্ঠানিকভাবে বৃত্তির চেক তুলে দেন প্রয়াত ফজলুল হকের পুত্র শিশুসাহিত্যিক ও ইমপ্রেস টেলিফিল্ম লি. চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর ও তার কন্যা রন্ধন বিশেষজ্ঞ কেকা ফেরদৌসী।

বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক এম. জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত চেক হস্তান্তর অনুষ্ঠানে টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের চেয়ারম্যান সাইয়্যিদ শাহজাদা আল কারীম, ফরিদুর রেজা সাগরের সহোদর ও চ্যানেল আইয়ের নির্বাহী পরিচালক (প্রশাসন) মুহাম্মদ মাসুদ, রন্ধন বিশেষজ্ঞ কেকা ফেরদৌসী, বিশিষ্ট চলচ্চিত্র গবেষক ও সাংবাদিক রেজানুর রহমান, মীর মাসরুর উজ জামান ও আবদুল্লাহ জেয়াদসহ এই বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

ফজলুল হক পরিবারের সহযোগিতায় চলচ্চিত্রের নির্মাণে এই ফান্ড থেকে স্নাতক পর্যায়ের ৫জন শিক্ষার্থীকে গ্র্যাজুয়েট প্রোডাকশন নির্মাণের জন্য এককালীন বৃত্তি দেওয়া হবে। শিক্ষার্থীদের শিক্ষায় উন্নয়নের পাশাপাশি কাজের মধ্য দিয়ে ফজলুল হক বেঁচে থাকবেন বলে আশাবাদ প্রকাশ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।

অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম ট্রাস্ট ফান্ড গঠনের জন্য দাতা পরিবারকে ধন্যবাদ জানান। তিনি বলেন, “টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের শিক্ষা ও গবেষণার উন্নয়নে এই ট্রাস্ট ফান্ড সহায়ক ভূমিকা পালন করবে।”

উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অ্যালামনাই ও ইন্ডাস্ট্রির সম্পর্ক আরো জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। শিক্ষা ও গবেষণার উন্নয়নে সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি চ্যানেল আই কর্তৃপক্ষের প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের শিক্ষার্থীদের টেলিভিশন চ্যানেলে ইন্টার্নশিপের সুযোগ দেওয়ার ক্ষেত্রে সহযোগিতার আহ্বান জানান।

প্রসঙ্গত, প্রয়াত ফজলুল হক ছিলেন একজন চলচ্চিত্র পরিচালক, প্রযোজক ও খ্যাতিমান সাংবাদিক। ১৯৭১ সালে তিনি মুক্তিযুদ্ধে অংশ নেন এবং স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে কথিকা লিখতেন। ১৯৯০ সালে ৬০ বছর বয়সে তিনি মারা যান। ফজলুল হক ও রাবেয়া খাতুন দম্পতির চার সন্তানই নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠা লাভ করেছেন।

তিনি বলেন, ফজলুল হক, পুরো নাম আবু তাহের মোহাম্মদ ফজলুল হক, যিনি ছিলেন একাধারে চলচ্চিত্র পরিচালক ও বাংলাদেশে প্রথম চলচ্চিত্র সাংবাদিকতার পথিকৃত।

এসময় শিক্ষার্থীদের পাঠ সহায়ক হিসেবে টেলিভিশন ফিল্ম এন্ড ফটোগ্রাফি বিভাগের পাঠাগারে সংরক্ষণের জন্য ফরিদুর রেজা সাগর রচিত ‘বাংলদেশ টেলিভিশনের ৫০ বছর’ গ্রন্থটি উপাচার্য়ের হাতে তুলে দেওয়া হয়।