
ঢাকা, ৭ জুলাই – ঢাকা মেডিকেল কলেজের ৮০ বছর পূর্তি এবং ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার প্রধানমন্ত্রীর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় তিনি এই অভিনন্দন জানান।
প্রধানমন্ত্রী তার বার্তায় বলেন যে একটি জাতির সামগ্রিক অগ্রগতি শুধু অর্থনৈতিক উন্নয়নের ওপর নির্ভর করে না বরং এটি একটি সুস্থ এবং দক্ষ জনগোষ্ঠীর ওপর নির্ভরশীল। এই ভিত্তি নির্মাণে মানসম্মত চিকিৎসা শিক্ষা ও আধুনিক স্বাস্থ্যসেবার ভূমিকা অপরিসীম বলে তিনি উল্লেখ করেন।
তারেক রহমান বলেন যে দেশের চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্যসেবার বিকাশে ঢাকা মেডিকেল কলেজ দীর্ঘ আট দশক ধরে অনন্য অবদান রেখে চলেছে যা সমগ্র জাতির জন্য একটি গৌরবের বিষয়। তিনি জানান যে সরকার বর্তমানে চিকিৎসাসেবা এবং দক্ষ মানবসম্পদ উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।
প্রধানমন্ত্রী ১৯৪৬ সালের ১০ জুলাই এই কলেজের প্রতিষ্ঠার কথা উল্লেখ করে বলেন যে এই দীর্ঘ পথচলায় প্রতিষ্ঠানটি অসংখ্য মানবিক ও দেশপ্রেমিক চিকিৎসক উপহার দিয়েছে। তারা দেশে ও প্রবাসে নিজ পেশার মাধ্যমে বাংলাদেশের মর্যাদা সমুন্নত রেখেছেন।
তিনি বায়ান্নর ভাষা আন্দোলন থেকে শুরু করে একাত্তরের মুক্তিযুদ্ধ এবং নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনসহ সাম্প্রতিক ২৪ এর ছাত্র জনতার অভ্যুত্থানে এই কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের বীরত্বপূর্ণ অবদানের কথা স্মরণ করেন।
বর্তমান বিশ্বের দ্রুত পরিবর্তনশীল চিকিৎসা প্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন যে আধুনিক গবেষণা স্বাস্থ্যখাতকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। প্রধানমন্ত্রী প্রত্যাশা করেন যে ঢাকা মেডিকেল কলেজ তার গৌরবময় ঐতিহ্য বজায় রেখে ভবিষ্যতেও বিশ্বমানের গবেষক ও স্বাস্থ্য নেতৃত্ব গড়ে তুলতে অগ্রণী ভূমিকা পালন করবে।
তিনি প্রাক্তন শিক্ষার্থীদের উদ্দেশে তাদের প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক কল্যাণে এবং জাতীয় প্রয়োজনে এগিয়ে আসার আহ্বান জানান।
এনএন/ ৭ জুলাই ২০২৬






