
ছবি: সংগৃহীত
চ্যানেল আই ও নূরা হেলথের যৌথ আয়োজনে টক শো ‘পরিজনের পরিচর্যা’র তৃতীয় পর্ব প্রচারিত হবে আগামী ৬ নভেম্বর, শুক্রবার সকাল ১১টা ৩০ মিনিটে। ‘তরুণদের ভাবনা’ শিরোনামের এই পর্বে আলোচনা হবে পড়াশোনা ও কাজের পাশাপাশি অসুস্থ কিংবা বয়স্ক পরিজনের যত্নে তরুণদের ভূমিকা, অভিজ্ঞতা ও নানা চ্যালেঞ্জ নিয়ে।
সোমবার (২ নভেম্বর) আয়োজকদের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রথম দুই পর্বে পরিজনের পরিচর্যার বাস্তব অভিজ্ঞতা, এর গুরুত্ব এবং পরিচর্যাকে আরও কার্যকর করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এবারের পর্বে তুলে ধরা হবে সেই তরুণদের অভিজ্ঞতা, যাঁরা নিজেদের পড়াশোনা ও কর্মজীবনের ব্যস্ততার মধ্যেও অসুস্থ বা বয়স্ক পরিবারের সদস্যদের যত্ন নিচ্ছেন।
আলোচনায় অংশ নেবেন জনপ্রিয় সংগীতশিল্পী ঝিলিক এবং তরুণদের নিয়ে দীর্ঘদিন কাজ করা সংগঠন সিরাক-বাংলাদেশের নির্বাহী পরিচালক এস এম সৈকত। তাঁরা পরিজনের পরিচর্যায় তরুণদের বাস্তব অভিজ্ঞতা, চ্যালেঞ্জ ও সম্ভাবনার বিভিন্ন দিক তুলে ধরবেন।
এ ছাড়া নিজেদের অভিজ্ঞতা ও ভাবনা জানাবেন ছয় তরুণ প্রতিনিধি নাহিফা নাওয়ার, আনিকা সুলতানা তনু, আবীর হাসান, ফারহাত উল হক, আবদুল্লাহ বিন তাসনিম ও রাইয়ানা জানভি নেহা।
পরিজনের পরিচর্যায় তরুণদের অবদান ও তাঁদের প্রয়োজনের বিষয়গুলো আলোচনায় তুলে ধরাই এবারের পর্বের মূল লক্ষ্য।
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…




