তসবিহ হাতে ইতিকাফ থাকা অবস্থায় প্রাণ গেল মুসল্লির

তসবিহ হাতে ইতিকাফ থাকা অবস্থায় প্রাণ গেল মুসল্লির

চট্টগ্রামের ফটিকছড়িতে পবিত্র মাহে রমজানে ইতিকাফে অবস্থানরত এক মুসল্লি তসবিহ জপতে জপতে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

শনিবার (১৪ মার্চ) ফটিকছড়ির আল জামেয়াতুল ইসলামিয়া ওবাইদিয়া নানুপুর মাদ্রাসা জামে মসজিদে ইতিকাফে থাকা অবস্থায় হারুনুর রশীদ চৌধুরী (৫৫) নামে ওই মুসল্লি মৃত্যুবরণ করেন। তিনি চট্টগ্রামের আনোয়ারা উপজেলার হাইলদর ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে।

মাদরাসার দায়িত্বশীল শেখ এমদাদ উল্লাহ জানান, দুপুরে মসজিদে বয়ান চলাকালে হঠাৎ করে হারুনুর রশীদ চৌধুরী মাথা ঘুরে পড়ে যান। তিনি বলেন, আমি কাছে গিয়ে দেখি তিনি হেলান দেওয়া অবস্থা থেকে পড়ে গেছেন। তাঁর হাতে তখনও তসবিহ ছিল এবং মুখ দিয়ে ফেনা বের হচ্ছিল। দ্রুত তাকে ডাক্তার দেখানো হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মসজিদে ইতিকাফরত মুসল্লিরা জানান, হারুনুর রশীদ চৌধুরী চলতি রমজানে ৩০ দিনের ইতিকাফে অংশ নিয়েছিলেন। তিনি অত্যন্ত ধার্মিক ও পরহেজগার মানুষ ছিলেন এবং অধিকাংশ সময় তসবিহ, তাহলিল ও জিকির-আসকারে মগ্ন থাকতেন।

স্থানীয় আলেম ও মুসল্লিরা বলেন, রমজানের পবিত্র সময়ে ইতিকাফে থেকে ইবাদতেরত অবস্থায় মৃত্যু নিঃসন্দেহে সৌভাগ্যের বিষয়। ইসলামী শিক্ষায় বলা হয়েছে, যে ব্যক্তি আল্লাহর জিকিরে মশগুল অবস্থায় মৃত্যুবরণ করেন, তিনি আল্লাহর বিশেষ রহমত লাভ করেন।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

মুসল্লিরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বলেন, মহান আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের তাওফিক দান করেন।