কথায় আছে, শেষ ভালো যার সব ভালো তার! রাজশাহী স্টারসের শেষটা ভালো হয়েছে, তবে সব যে ভালো হয়নি, সেটি আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল। টানা দুই ম্যাচ হেরে এএফসি উইমেন্স চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ডে ওঠার আশা শেষ হয়ে যাওয়ায় গ্রুপ পর্বের শেষ ম্যাচটি ছিল অনেকটাই আনুষ্ঠানিকতার।
আজ সেই ম্যাচটাই দারুণভাবে শেষ করেছে বাংলাদেশের নারী লিগের চ্যাম্পিয়নরা। মালয়েশিয়ার লিকাস স্টেডিয়ামে গুয়ামের রোভার্স এফসিকে ৮-০ গোলে উড়িয়ে দিয়েছে গোলাম রব্বানীর দল। হ্যাটট্রিক করেছেন তহুরা খাতুন।
এবারের টুর্নামেন্টে ‘এ’ গ্রুপের সবচেয়ে দুর্বল দল রোভার্স। গ্রুপ পর্বের তিন ম্যাচে ৩৩ গোল হজম করেছে দলটি।


