
সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের আগে আসিয়ান কাপের চ্যালেঞ্জ এসেছে বাংলাদেশের দুয়ারে। প্রথমবার ফিফা আসিয়ান কাপে খেলার জন্য প্রাথমিক ক্যাম্প করছে বাংলাদেশ জাতীয় দল। ক্যাম্প শুরুর নবম দিনের মাথায় প্রথমবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছেন বাংলাদেশ দলের মিডফিল্ডার সোহেল রানা সিনিয়র। প্রবাসী ফুটবলারদের নিয়ে তিনি বলেছেন, যারা আসছে নতুন, তারা দলের ভালোর জন্যই আসছে।
প্রবাসী খেলোয়াড়দের দলে অর্ন্তভূক্তি নিয়ে প্রশ্ন করা হলে সোহেল রানা বলেন, ‘দলে কে আসছে তা নিয়ে খেলোয়াড়দের মাথা ঘামানোর কিছু নেই। দলের ভালোর জন্যই নতুন খেলোয়াড় আসে এবং সবাই তা ইতিবাচকভাবেই দেখে।’
‘প্রবাসী বা বংশোদ্ভূতদের সাথে একজন সতীর্থ হিসেবে যেভাবে থাকার দরকার, একজন সতীর্থ হিসেবে যেভাবে আমাদের তাদের সাথে ব্যবহার করা দরকার, ভালোভাবে থাকা, ওভাবেই সুন্দরভাবে সবকিছুই হচ্ছে।’
সাফের আগে আসিয়ান কাপ আসায় দল সেটিকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে জানান সোহেল, ‘সাফের ঠিক আগে আসিয়ান কাপের প্রস্তুতি চলে আসায়, পুরো দল এটিকে একটি নতুন চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেছে। দল সে অনুযায়ী কাজ শুরু করেছে।’
‘আমাদের প্রতিপক্ষ যারা খেলবে আমাদের থেকে র্যাঙ্কিংয়ে অনেক এগিয়ে আছে। আমরা তাদের সাথে ইতিমধ্যে কয়েকটা ম্যাচ খেলছি যাদের সাথে আমরা খেলবো। তাদের মানে টিম হিসেবে কেমন এটা আমাদের প্রত্যেকটা খেলোয়াড়ের জানা আছে। আমাদের যে ভিডিও সেশন হয়, ওদেরকে নিয়েই হয়। ওদের ছোট ছোট যা যা ভুল আছে বা শক্তির জায়গাগুলো আছে সেগুলা নিয়ে প্রাথমিক কাজগুলা হচ্ছে।’
‘আমরা ওভাবেই প্রস্তুতি নিচ্ছি যে, আমরা এখানে যেন একটা ভালো রেজাল্ট করতে পারি। আমরা শুধু সেখানে যাব যাওয়ার জন্যই না। কোচ বলতেছে ওইখানে যাব অবশ্যই কিছু একটা নিয়ে আসতে পারি যেন, আমরা ভালো একটা রেজাল্ট নিয়ে আসতে পারি। আমরা নতুনভাবে শুরু করি যেটা আমাদের দেশের ফুটবলের জন্য ভালো হবে।’ যোগ করেন সোহেল রানা।
বাংলাদেশ দলের প্রাথমিক ক্যাম্পে আপাতত ৩১ জন্য খেলোয়াড় আছেন। প্রাথমিক ২৮ সদস্যের সাথে নতুন করে বংশোদ্ভূত খেলোয়াড় যোগ হয়েছে তিন জন। সবমিলিয়ে ৩১ সদস্য দলের সাথে অনুশীলন করছে।
প্রতিবেদক
চ্যানেল আই অনলাইন
চ্যানেল আই অনলাইন
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…

