দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী | চ্যানেল আই অনলাইন

দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী | চ্যানেল আই অনলাইন

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের একদিন পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

মঙ্গলবার (১১ আগস্ট) নয়াদিল্লিতে এই সাক্ষাৎ হয়েছে। তবে সাক্ষাতে তারা কী নিয়ে আলোচনা করেছে সেটি এখনও জানা যায়নি।

বাংলাদেশ সরকারের উচ্চ পর্যায়ে সঙ্গে তিন‌টি বৈঠক সম্পন্ন করে গত সোমবার নয়া‌দি‌ল্লিতে গেছেন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। এদিন, দুপুরে প্রথমে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং এরপর স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারত‌ীয় দূত। এর আগে, রোববার পররাষ্ট্রমন্ত্রী খ‌লিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন দীনেশ ত্রিবেদী।

আনুষ্ঠানিক দায়িত্ব শুরুর দেড় মাসের মাথায় সোমবার প্রধানমন্ত্রীর সঙ্গে প্রথম সাক্ষা‌ত পেলেন দীনেশ ত্রিবেদী। এমন সময়ে তিনি শীর্ষ পর্যায়ের সাক্ষাৎ পেলেন যখন মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ড নিয়ে ভারতে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সম্প্রতি দিল্লিতে সাংবাদিকদের সঙ্গে সরাসরি মতবিনিময়কে কেন্দ্র করে ঢাকা-দিল্লির সম্পর্কে নতুন উত্তেজন তৈ‌রি করেছে।

এদিকে, আজ মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপাক্ষিক সফর ও ব্রিকস সম্মেলনে অংশগ্রহণে আমন্ত্রণ জানানো হয়েছে।

গত ২৫ জুন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশ করে‌ছিলেন বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশের এক মাস পর গত ২৯ জুলাই পররাষ্ট্রমন্ত্রী খ‌লিলুর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলা‌মের সঙ্গে সাক্ষা‌ৎ করেন দীনেশ ত্রিবেদী।

গত এপ্রিলে ভারত সরকার তাদের ১৬তম হাইকমিশনার হিসেবে ঢাকায় নিয়োগ দিয়েছে সাবেক রেলমন্ত্রী দীনেশ ত্রিবেদীকে। দুই প্রতিবেশী দেশের সম্পর্কের ইতিহাসে ভারত এই প্রথম কোনো রাজনীতিবিদকে হাইকমিশনার করে পাঠিয়েছে। নতুন দায়িত্বে যোগ দিতে দীনেশ ত্রিবেদী ৫ জুন পশ্চিমবঙ্গ থেকে স্থলসীমান্ত দিয়ে বাংলাদেশে পৌঁছান।