
বলিউড সুপারস্টার শাহরুখ খানের সঙ্গে চেহারার মিল থাকায় পরিচিতি পেয়েছেন ভারতের গুজরাটের জুনাগড়ের বাসিন্দা ৪০ বছর বয়সী ইব্রাহিম কাদরি। একসময় সাইনবোর্ড আঁকিয়ে জীবিকা নির্বাহ করা এই ব্যক্তি এখন শাহরুখ খানের ডুপ্লিকেট হিসেবে ভারত ও বিদেশের বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেন।
১০ বছর আগে তিনবেলা খেতে না পারলেও এখন প্রতি অনুষ্ঠানে তার পারিশ্রমিক সর্বোচ্চ ৫ লাখ রুপি পর্যন্ত!
ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসে দেওয়া এক সাক্ষাৎকারে ইব্রাহিম কাদির জানিয়েছেন, ছোটবেলা থেকেই পরিবারের সদস্য ও বন্ধুরা তাকে শাহরুখ খানের মতো দেখতে বলে আসতেন। তবে বিষয়টি কখনও গুরুত্ব দেননি তিনি। বরং শাহরুখের সঙ্গে তুলনায় বিরক্ত হয়ে একসময় নিজের চেহারাও বদলে ফেলেছিলেন।
ইব্রাহিমের জীবনের মোড় ঘুরে যায় ২০১৭ সালে। রাজকোটে কলকাতা নাইট রাইডার্স ও গুজরাট লায়ন্সের একটি আইপিএল ম্যাচ দেখতে গিয়ে দর্শকদের ব্যাপক আগ্রহের মুখে পড়েন তিনি। অনেকেই তাকে শাহরুখ খান ভেবে সেলফি তুলতে এগিয়ে আসেন। একপর্যায়ে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে নিরাপত্তার জন্য পুলিশ সদস্যের সাহায্য নিতে হয় তাকে। কিন্তু সেই পুলিশ সদস্যও তার সঙ্গে সেলফি তুলতে শুরু করেন।
সাক্ষাৎকারে ইব্রাহিম কাদরি জানান, এরপরই নিজের চেহারার এই সাদৃশ্যকে পেশা হিসেবে নেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। শাহরুখের মতো চেহারার পাশাপাশি তার হাঁটা, কথা বলা, নাচ ও বডি ল্যাঙ্গুয়েজ অনুকরণ করতে শুরু করেন। এমনকি শাহরুখের বিভিন্ন সংলাপ ও অঙ্গভঙ্গিও অনুশীলন করেন।
ইব্রাহিম বলেন, প্রথমদিকে শুধু শাহরুখের মতো দেখতে হওয়াই যথেষ্ট মনে করেছিলাম। কিন্তু এক অনুষ্ঠানে এক নারী দর্শক আমাকে বলেন, শুধু দেখতে শাহরুখের মতো হলেই হবে না, শাহরুখের মতো ডায়লগ দিতে হবে, নাচতেও হবে। এরপর পুরো এক বছর আমি শাহরুখের সংলাপ, বডি ল্যাঙ্গুয়েজ ও পারফরম্যান্স নিয়ে কাজ করি।
বর্তমানে ইব্রাহিম প্রতি অনুষ্ঠানে ১ লাখ ৫০ হাজার থেকে ৫ লাখ রুপি পর্যন্ত পারিশ্রমিক নেন বলে জানান। ভারতের পাশাপাশি বিদেশেও বিভিন্ন অনুষ্ঠানে তাকে আমন্ত্রণ জানানো হয়। ইব্রাহিম জানান, তিনি ইন্ডিয়ার সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়া ডুপ্লিকেটদের একজন।
তবে শাহরুখের ডুপ্লিকেট হিসেবে পরিচিতি পাওয়ার আগে ইব্রাহিমের আর্থিক অবস্থা ছিল বেশ কঠিন। সাইনবোর্ড আঁকার কাজ করে কোনো দিন দু’বেলা খাবার জুটত, আবার কাজ না থাকলে সংসার চালানোও কঠিন হয়ে পড়ত। ইব্রাহিমই বলেন, এখন আমার তিন বেলা খাবারের নিশ্চয়তা রয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ জনপ্রিয় ইব্রাহিম কাদরি। তার ইউটিউব চ্যানেলে প্রায় ৩২ লাখ সাবস্ক্রাইবার এবং ইনস্টাগ্রামে প্রায় ২৬ লাখ অনুসারী রয়েছে। তিনি বলেন, ভারতে শাহরুখ খানের ৩০০-এর বেশি ডুপ্লিকেট করেছি এবং অনেকেই আমার কাছ থেকে শাহরুখের মতো আচরণ ও পারফরম্যান্সের বিষয়ে পরামর্শ নেন।
তবে শাহরুখ খানের সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করার ব্যাপারে আগ্রহী নন ইব্রাহিম। তিনি বলেন, শাহরুখের সঙ্গে দেখা করলে হয়তো তাকে আরও বেশি অনুকরণ করার আগ্রহ হারিয়ে ফেলতে পারি। তবে শাহরুখ নিজে আমন্ত্রণ জানালে অবশ্যই দেখা করবো।
যদি একদিন সত্যিই শাহরুখ খানের জীবন একদিনের জন্য উপভোগ করার সুযোগ পান, তাহলে কী করবেন এমন প্রশ্নের উত্তর জানিয়ে রেখেছেন ইব্রাহিম। তার ইচ্ছা, শাহরুখের বাড়ি মান্নাতের ছাদে দাঁড়িয়ে শাহরুখের সঙ্গে এক কাপ কফি খাবেন! ইন্ডিয়ান এক্সপ্রেস
প্রতিবেদক
চ্যানেল আই অনলাইন
চ্যানেল আই অনলাইন
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…
