দুর্গাপূজার ছুটিতে ফাঁকা ঢাকা, যানজট ছাড়াই স্বস্তিতে নগরবাসী – DesheBideshe

দুর্গাপূজার ছুটিতে ফাঁকা ঢাকা, যানজট ছাড়াই স্বস্তিতে নগরবাসী – DesheBideshe
দুর্গাপূজার ছুটিতে ফাঁকা ঢাকা

ঢাকা,২০ অক্টোবর-হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ছুটি কাটাতে রাজধানী ঢাকা ছেড়েছেন অনেক মানুষ। এতে মহানগরীর রাস্তাঘাট প্রায় ফাঁকা হয়ে গেছে। নেই যানজট, স্বাচ্ছন্দ্যে চলাচল করছেন নগরবাসী। কর্মজীবী মানুষের চিরচেনা ব্যস্ততাও চোখে পড়ছে না। সব মিলিয়ে চেনা রাজধানী এখন অনেকটাই শান্ত, তৈরি হয়েছে ভিন্ন এক পরিবেশ।

মঙ্গলবার রাজধানীর মতিঝিল, পল্টন, শাহবাগ, কারওয়ান বাজার, বাংলামোটর, ফার্মগেট, হাতিরঝিল এলাকা, রামপুরা, বাড্ডা, বনানী, কুড়িল বিশ্বরোড ও খিলক্ষেতসহ বিভিন্ন সড়ক ঘুরে এমন চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, ঢাকার বেশির ভাগ সড়কই ফাঁকা। বাসস্ট্যান্ডগুলোতে যাত্রীদের দীর্ঘ লাইন নেই। ধানমন্ডি, নিউমার্কেট, মিরপুর রোড ও সংসদ ভবন রোডের মতো ব্যস্ত সড়কেও সব ধরনের যানবাহন নির্বিঘ্নে চলাচল করছে। সাধারণ সময়ে এসব সড়ক দিয়ে যাতায়াত করতে যেখানে ঘণ্টার পর ঘণ্টা সময় লাগত, সেখানে এখন গন্তব্যে পৌঁছাতে অর্ধেকেরও কম সময় লাগছে। সরকারি প্রতিষ্ঠান, স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয়, ব্যাংক, বিমা ও কিছু ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে মনে করছেন নগরবাসী।

ছুটিতে থাকা বেসরকারি চাকরিজীবী মেহেরুল সুজন বলেন, ‘ছুটির কারণে ঢাকা ফাঁকা হয়ে গেছে। ফাঁকা ঢাকায় পরিবারের সঙ্গে একটু ঘোরাঘুরি করার জন্য বের হয়েছি। দুপুরে একটি ভালো রেস্তোরাঁয় খাওয়া-দাওয়া সেরে কয়েকটি বিনোদনকেন্দ্র ঘুরে বাসায় ফিরব। কারণ, স্বাভাবিক সময়ে এমন ফাঁকা ঢাকা পাওয়া যায় না।’

বিজয়নগর এলাকার বাসিন্দা কালাম আজাদ বলেন, এমন পরিস্থিতিতে কয়েক দিন ঢাকায় নির্বিঘ্নে চলাচল করা যাবে। ছুটি শেষ হলে শহর আবারও চিরচেনা রূপে ফিরে আসবে। তবে এর মধ্যেও সাময়িক এই স্বস্তি উপভোগ করছেন বলে জানান তিনি।

এস এম/ ২০ অক্টোবর ২০২৬