LATEST
ইরানের ড্রোন হামলায় কেঁপে উঠল বাহরাইনের রাজধানী মানামা যুক্তরাজ্যে ৭০ কিশোরীকে ব্ল্যাকমেইল ও শ্লীলতাহানি: ভারতীয় শিক্ষার্থীর ৩০ বছরের কারাদণ্ড ‘ভারতে নেই, বাংলাদেশে পুনর্বিচারের পরামর্শ কেন’: চিফ প্রসিকিউটর মাকে পিটিয়ে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড স্পেলিং স্টারের সেরা-১২তে যারা Princess of Wales to make first long-haul trip since cancer diagnosis ৪ মাসে এক টাকাও খরচ করতে পারেনি পররাষ্ট্র ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় সংসদ ভবনে আসা শিক্ষার্থীদেরকে প্রধানমন্ত্রীর ৩ পরামর্শ
Showbiz

দৃশ্য পেরিয়ে শব্দের অতলে…

দৃশ্য পেরিয়ে শব্দের অতলে…

এখন হেমন্ত, এখানে কুয়াশা পড়তে শুরু করেছে। কুয়াশাচ্ছন্ন বিকালে আমি ক্বারী আমির উদ্দীনের গান শুনি। গান শুনতে শুনতে চায়ের পানি বসাতে গিয়ে আমার কফি খেতে মন চায়। কফির অভ্যাস আমার দীর্ঘদিনের না, তুষার ভাইয়ের (নাঈম তুষার) সঙ্গ আমাকে কফিতে অভ্যস্ত করেছে। চায়ের পানি আর বসাতে ইচ্ছে করলো না, এক মুঠো বাদাম খেয়ে লিখতে বসি। লিখতে বসার আগে ভাবছিলাম, যতই নিজের সঙ্গে নিজের যোগাযোগ বাড়ছে ততই আমি থেমে যাচ্ছি, থেমে যাচ্ছে আমার চারপাশ! আমার নির্মোহ, নির্লিপ্ত চোখ সব দেখে কিন্তু আমি আসলে কিছুই দেখি না। আমার শরীর ভেঙে পড়ে, প্রার্থনা করি ক্লান্তি আমায় ক্ষমা করো। ফিলিপ চিহা হঠাৎ একদিন অতলের আপডেট জানতে চাইলো, জানতে চাইলো সাংহাইয়ের সাবমিশন ডেডলাইনের মধ্যে অতলের কাজ শেষ করতে পারবো কিনা। তার মাস কয়েক আগে ফিলিপকে আমি অতলের একটা রাফকাট পাঠাই, সত্যি বলতে অতল আদৌ কিছু হচ্ছে কিনা এই নিয়ে আমার দ্বিধা ছিল। দ্বিধা কাটাতেই কয়েকজন ঠিকঠাক মানুষের সঙ্গে অতল শেয়ার করার প্রযোজনবোধ করি। ফিলিপ সেই ঠিকঠাক মানুষদের একজন। ফিলিপাইনের সিনেমালয়া চলচ্চিত্র উৎসবে ফিলিপের সঙ্গে দেখা হয়। ফিলিপ সিঙ্গাপুরের মানুষ, ২০০৮ সাল পর্যন্ত সিঙ্গাপুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রতিষ্ঠাতা- পরিচালকের দায়িত্বে ছিলেন। আমাদের টুকটাক কথা হয় এবং আমি জানি না ঠিক কি কারনে তিনি আমাকে পছন্দ করে ফেলেন আর আমিও তাকে সবার থেকে আলাদা করতে পেরেছিলাম, যদিও তাঁর সম্পর্কে বিস্তারিত তখনও কিছু জানা হয়নি। পরিচয়ের পর দেশে ফিরে ফিলিপকে আদিমের লিংক পাঠাই। আদিম দেখার পর তিনি জানান, কয়েকটা মোমেন্ট ছাড়া আদিমে নতুন কিছু নেই। আদিম দেখে কেউ কখনও আমাকে এভাবে বলেনি। কারো পছন্দ না হলেও সে অন্তত এমনভাবে তার মতামত জানিয়েছে যেন আমি আহত না হই। কিন্তু ফিলিপের এপ্রোচ পুরো ভিন্ন, যা আমার মনে ধরে। সেই জায়গা থেকেই মানুষটার সঙ্গে অতল শেয়ার করা, অন্তত তিনি তার সত্যটা বলবেন, এই প্রত্যাশা। কিন্তু অতল দেখে ফিলিপ চুপ ছিলেন অথবা কিছু একটা বলে ছিলেন যা মনে নেই। তার মাস কয়েক পর ফিলিপ নিজেই সাংহাই চলচ্চিত্র উৎসবের জন্য অতলের ব্যাপারে আগ্রহ দেখান। বয়স বাড়লেও আমি বড় হই না, উত্তেজনা সামলাতে আমার কষ্ট হয়। ফিলিপের মেসেজ পেয়ে আমি তুমুল উত্তেজনায় রিপন ভাইকে (রিপন নাথ) কল দেই। সব শুনে রিপন ভাই খুশি হয়েই বললেন, ছবি নিয়ে স্টুডিওতে চলে আসেন, আমরা সাংহাই ঘুরে আসি। যদিও গন্দম এবং অতল দুটি ছবিই পোস্টে আটকে ছিল, তবু সেই সময়টায় গন্দম আমার দ্বিতীয় ছবি হওয়ার কথা, গন্দম শেষ করার আগে অতল শেষ করার ভাবনা মাথাতেই ছিল না। ফিলিপের এক মেসেজ এবং রিপন ভাইয়ের আন্তরিকতায় আমি অতলের পোস্টের কাজ শুরু করি। সাউন্ড নিয়ে প্রাইমারি আলাপের কয়েকদিনের মধ্যেই রিপন ভাই আমাকে জানালেন তিনি বেশ কয়েকদিনের জন্য ইউরোপ ট্যুরে যাচ্ছেন। ইউরোপ যাওয়ার আগে আমি রিপন ভাইকে একটা সাউন্ড রেকর্ডার দিয়ে যাওয়ার অনুরোধ করি। রেকোর্ডারটি নিয়ে আমি শুটিং লোকেশনগুলোতে ঘুরে বেড়ানোর সময় আবিষ্কার করলাম- শুটিং এর সময়টায় আমি একবারও খেয়াল করিনি এই অঞ্চলে মাথার উপর দিয়ে এত এত বিমান উড়ে যায়, শুনতে পাইনি নানান পদের পাখির ডাক, কানে আসেনি জমিতে পানি সেচের মোটরের সাউন্ড কিংবা হৃদয় ভরে উঠেনি দূরের মসজিদের আযান অথবা গীর্জার ঘণ্টা ধ্বনিতে। আরো আশ্চর্য হই এই ভেবে- প্রকৃতির পক্ষে এক মুহূর্তের জন্য নীরব থাকা সম্ভব না, প্রকৃতির কোন না কোন সদস্য হঠাৎ শব্দ করে ওঠে। এম্বিয়েন্স সাউন্ড রেকর্ডের এই জার্নির মধ্য দিয়ে ধীরে ধীরে অতলের সাউন্ড ডিজাইনটা আমার কাছে ধরা দেয়, আমি আরো অতলে ডুব দেই। অতলের সঙ্গে গভীরভাবে পার্সোনাল কানেকশন তৈরী হতে থাকে। সেই জায়গা থেকেই আমার মা, আমার বড় দুই ভাইয়ের ছেলে-মেয়ে এবং আমার ছোট্ট সন্তান যুবরানের কণ্টস্বর সাউন্ড ডিজাইনে যুক্ত করার অনুভূতি জাগে। সেই সঙ্গে ছবির শুরুতে যুবরাজ শামীমের যে মৃত্যু সংবাদ তা অন্য কাউকে দিয়ে ডাবিং করার পরিকল্পনা থাকলেও আমি নিজেই নিজের মৃত্যু সংবাদ ঘোষণা করার স্বিদ্ধান্ত নেই। স্বিদ্ধান্ত নেই, ছবির শেষের, নিজের জানাজাটুকু নিজেই পড়াবো! এখন অতল দেখতে বসে আমি আদতে আমার নিজেকেই দেখি, অপেক্ষা করতে থাকি যুবরান কখন পবিত্র কণ্ঠে কেঁদে উঠবে, কখন ভাঙা ভাঙা ধ্বনির ’বাবা’ ‘বাবা’ ডাক আমার ভেতরটা ছুঁয়ে যাবে, পুলকিত হবো আমার মায়ের নিরীহ কণ্ঠস্বরে এবং আমার অন্তরে ভিড় করবে আজিম, মারিয়াম আর যুবার নানান শব্দ! অ্যানউন্সমেন্টের অংশটুকু ছাড়া অতলের ডাবিংসহ প্রায় সকল দরকারি সাউন্ড আমি লোকেশনেই করি। একেতো রিপন ভাই দেশে ছিলেন না, তারউপর রিপন ভাইয়ের সহকারী সাদিক তখনও আমাকে খুব বেশি পাত্তা দিচ্ছিলো না। কারণ অতল কিংবা আমি, সাদিকের দেখা দুনিয়ার বাইরের মানুষ। তবে তুমুল প্রশান্তিতেই ধ্যানমগ্ন আমি অতলের সকল সাউন্ডের কাজ শেষ করে সাদিকের সামনে হাজির হই। এক্ষেত্রে সুজন ভাইয়ের (সুজন মাহমুদ) সঙ্গে আদিমের সাউন্ডের কাজ করার এক্সপেরিয়েন্সটুকু কাজে লেগেছে। সময়ের সঙ্গে সঙ্গে আমার প্রতি সাদিকের ভক্তি বাড়ে। আমরা দুজন মিলে বাকি ফলি, টুকটাক ডাবিং স্টুডিওতেই করি। সাদিকও নিজে স্বপ্রণোদিত হয়ে তার ভাবনা আমার সঙ্গে শেয়ার করতে থাকে, যা অতলে কাজে আসে। এদিকে রিপন ভাই নিয়মিতই কাজের খোঁজখবর নিচ্ছিলেন এবং তিনি অবাকই হন প্রায় নির্বাক এই ছবিটি শেষ করতে এত সময় লাগছে কেন! এরমধ্যে আমি একদিন মোরশেদ ভাইয়ের (মোরশেদুল ইসলাম) সঙ্গে দেখা করে অতলের আপডেট জানাই, অনুরোধ করি আদিমের টিভি স্বত্ত বিক্রি করে দেয়ার। হাতে কিছু টাকা আসলে জীবন সহজ হওয়ার পাশাপাশি অতলের সাউন্ড এবং কালারের কাজটুকু করতে পারি। যদিও সাউন্ডের জন্য রিপন ভাই টাকা চাওয়া দূরে থাক, হয়তো প্রত্যাশাও করেনি। কিন্তু টাকা দিতে না পারায় আমার অস্বস্তি লাগছিল। মোরশেদ ভাই সবশুনে অতল শেষ করতে আমার হাতে বেশকিছু টাকা ধরিয়ে দেন। আমি ভেতরে ভেতরে খুব খুশি হলেও নিতে চাচ্ছিলাম না, মোরশেদ ভাই বললেন- টিভি স্বত্ত্ব বিক্রি করে টাকা ফেরত দিও। আমার এ জীবন, এই বেড়ে ওঠা কত কত মানুষের কাছে ঋণগ্রস্ত! এই পর্বের লেখাটা এখানেই শেষ হতে পারতো কিন্তু পুরো লেখাটায় চোখ বুলাতে গিয়ে আমি আবার ক্বারী আমির উদ্দীনের গান শুনতে শুরু করি। গান শুনতে শুনতে মনে হচ্ছিল আমার সন্তান যেমন আমার কাছে আবদার করে, আবদারের যে কথোপকথনের ধরন, ক্বারী আমির উদ্দীনের গানের কথা, গায়কী, তাঁর সাথে তাঁর খোদার কথোপকথনের ধরন মিলে যায়। এতটুকু লেখার পর, এই পর্বে আরো একটা কথা যোগ করার তাগিদ অনুভব করি। অতলের পুরো ভিজ্যুয়াল জার্নিতে তুষার ভাই যেভাবে ইনভলবড্ ছিলেন, আমি প্রায়ই দ্বিধায় ভুগতাম- অতল কি আমার ছবি নাকি তুষার ভাইয়ের! কেননা আদিম কিংবা গন্দমের ভিজ্যুয়াল নির্মাণে ক্যামেরা পার্সনদের কথায় মনোযোগ দেয়া দূরে থাক বরং প্রায়ই ভিজ্যুয়াল নিয়ে তাঁদের মতামতে আমি বিরক্ত হয়েছি। কিন্তু অতলের বেলায় আমি যে ভিজ্যুয়াল ভেবেছি, তুষার ভাই তা অন্য মাত্রায় নিয়ে গেছেন। সেই জায়গা থেকে অতলের পোস্টের সঙ্গে আমার বছর দুই সময় কাটানো, অতলের সঙ্গে কথোপকথন, হ্যাঁ কথোপকথনই! কারণ আমার প্রতিটা ছবি আমার কাছে প্রাণ হয়ে ধরা দেয়, আমার সঙ্গে তাদের দীর্ঘ কথাবার্তা হয়। পোস্টের এই দীর্ঘ কথোপকথনে অতল আমার ছবি হয়ে উঠেছে, নইলে, হয় এই ছবিটা শেষ হতোনা কিংবা বাকি জীবন আমার মধ্যে এই দ্বিধা থেকে যেত। যদিও দিনশেষে অতল আমাদের দুজনের জার্নি, দুজনেরই ছবি। সকাল ১১টা ৪৩, নভেম্বরের ৬, ২০২৬, দরবার শরীফ।   চলবে…

More in Showbiz

View all

Latest news