LATEST
Jim Pender gets Counties Cup revenge as Gigi wins photo finish at Pukekohe দেশের স্বার্থে আমাদের ঐক্যের কোনো বিকল্প নেই- এমপি মানিক বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১৩ নেতা সাময়িক বহিষ্কার সাফ–ব্যর্থতায় ডুলিকে রাখা হবে নাকি বিদায়, সিদ্ধান্ত নিতে সময় চায় বাফুফে শিক্ষকদের প্রাপ্য সম্মান ও আর্থিক সুবিধা বিষয়ে যা বললেন প্রতিমন্ত্রী অপরাধীদের ছাড় নয়, আইনি ও রাজনৈতিকভাবেই মোকাবিলা: আইনমন্ত্রী ফ্যামিলি কার্ডের জন্য প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখার আহ্বান চট্টগ্রামে যুবদলের মিছিলে যুবলীগের হামলা: ২৮ মোটরসাইকেল ভাঙচুর-অগ্নিসংযোগ
Education

দেড় ট্রিলিয়ন ডলারের কোম্পানি হিসেবে শেয়ারবাজারে অ্যানথ্রপিকের যাত্রা শুরু

দেড় ট্রিলিয়ন ডলারের কোম্পানি হিসেবে শেয়ারবাজারে অ্যানথ্রপিকের যাত্রা শুরু

শেয়ারপ্রতি ৮৩ ডলার দরে আইপিওর মাধ্যমে ৮১ দশমিক ৩ বিলিয়ন ডলার তুলেছে ক্লড চ্যাটবটের নির্মাতা অ্যানথ্রপিক, যা শেয়ারবাজারে সবচেয়ে বড় অভিষেকের রেকর্ড।

আইপিওর মাধ্যমে বাজারে শেয়ার ছেড়ে রেকর্ড ৮১ দশমিক ৩ বিলিয়ন ডলার সংগ্রহ করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির কোম্পানি অ্যানথ্রপিক; তাতে ক্লড চ্যাটবটের নির্মাতা এই প্রতিষ্ঠানের মূল্যায়ন দাঁড়িয়েছে ১ লাখ ৫০ হাজার কোটি ডলার।

রয়টার্স জানিয়েছে, বুধবার শেয়ারপ্রতি ৮৩ ডলার দরে আইপিওর মূল্য নির্ধারণ করে অ্যানথ্রপিক। প্রাথমিকভাবে শেয়ারপ্রতি ৭০ থেকে ৭৮ ডলার দর নির্ধারণের পরিকল্পনা থাকলেও বিনিয়োগকারীদের ব্যাপক আগ্রহের কারণে দাম বাড়ানো হয়।

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রযুক্তিনির্ভর শেয়ারবাজার নাসডাকে ‘এএনটি’ সংক্ষিপ্ত নামে লেনদেন শুরু হওয়ার কথা অ্যানথ্রপিকের শেয়ারের।

আইপিওতে শেয়ার বিক্রির পরিমাণও প্রায় ১৯ শতাংশ বাড়িয়ে ৯৮ কোটি করা হয়েছে। এর ফলে আইপিও থেকে সংগৃহীত অর্থের পরিমাণ দাঁড়িয়েছে ৮১ দশমিক ৩ বিলিয়ন ডলারে।

পাশাপাশি আইপিওর নির্ধারিত দরে ব্যক্তিগত বিনিয়োগের মাধ্যমে আরও ২৬ বিলিয়ন ডলার সংগ্রহ করছে সিলিকন ভ্যালির এ কোম্পানি। সব মিলিয়ে এই লেনদেনের আকার ১০৭ দশমিক ৩ বিলিয়ন ডলার।

রয়টার্স লিখেছে, সম্ভাব্য সব শেয়ার হিসাব করলে অ্যানথ্রপিকের মূল্যায়ন দাঁড়াচ্ছে ১ লাখ ৫০ হাজার কোটি ডলার।

এআই খাতের জন্য বড় পরীক্ষা

অ্যানথ্রপিক যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে তালিকাভূক্ত প্রথম কোম্পানি, যারা কেবল এআই প্রযুক্তি নিয়ে কাজ করে।

দ্রুত বেড়ে ওঠা এই শিল্পে বিপুল বিনিয়োগ কতটা লাভজনক হবে, তা নিয়ে প্রশ্নের মধ্যে অ্যানথ্রপিকের এই যাত্রাকে গুরুত্বপূর্ণ পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে।

বিবিসি লিখেছে, আইপিওর আগে এ কোম্পানির শেয়ারের চাহিদা সরবরাহের তুলনায় ১০ গুণের বেশি ছিল বলে জানিয়েছেন অ্যানথ্রপিকের একজন প্রাথমিক বিনিয়োগকারী।

রয়টার্স বলছে, অ্যানথ্রপিকের আইপিওর আকার জুনে ইলন মাস্কের মহাকাশ গবেষণার কোম্পানি স্পেসএক্সের শেয়ারবাজারে অভিষেকের রেকর্ডকেও ছাড়িয়ে গেছে। স্পেসএক্সের আইপিওর মাধ্যমে সংগৃহীত অর্থের পরিমাণ ছিল এর চেয়ে কম।

অ্যানথ্রপিকের প্রধান প্রতিদ্বন্দ্বী চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআই আগামী বছর শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার পরিকল্পনা করছে। ফলে আপাতত যুক্তরাষ্ট্রে এআই প্রযুক্তিকে কেন্দ্র করে গড়ে ওঠা একমাত্র বড় তালিকাভুক্ত কোম্পানি হিসেবে অ্যানথ্রপিকের দিকে বিনিয়োগকারীদের নজর থাকবে।

তবে এ কোম্পানির ব্যবসায়িক সম্ভাবনা নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগও রয়েছে। এআই মডেল তৈরি ও পরিচালনায় এক দিকে বিপুল অর্থ ব্যয় করতে হচ্ছে, অন্যদিকে এ খাতে প্রতিযোগিতাও বাড়ছে। প্রযুক্তির পেছনে বিনিয়োগের বিপরীতে কতটা আয় আর মুনাফা আসবে, তা নিয়েও প্রশ্ন রয়েছে।

বিনিয়োগ প্রতিষ্ঠান এমপাওয়ারের কর্মকর্তা মার্তা নর্টন বিবিসিকে বলেন, অ্যানথ্রপিকের শেয়ারবাজারে আসার মধ্য দিয়ে এআইয়ের চাহিদা সম্পর্কে নতুন ধারণা পাওয়া যাবে।

কাউন্টারপয়েন্ট রিসার্চের জ্যেষ্ঠ আর্থিক বিশ্লেষক ইয়াং ওয়াং বলেন, আগামী কয়েক বছরে শত শত বিলিয়ন ডলারের আর্থিক দায় পরিশোধের সময় এলে অ্যানথ্রপিকের ব্যবসা সেই চাপ সামলাতে পারবে কি না, সেটি বড় প্রশ্ন।

আয় বাড়ছে, ব্যয়ও বাড়ছে

ক্লড মডেলের চাহিদা বেড়ে যাওয়ায় অ্যানথ্রপিকের ব্যবসা দ্রুত সম্প্রসারিত হয়েছে। বিশেষ করে সফটওয়্যার নির্মাতাদের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠা কোড লেখার এআই সহকারী ‘ক্লড কোড’ কোম্পানির প্রবৃদ্ধিতে ভূমিকা রেখেছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, অ্যানথ্রপিকের আইপিও-সংক্রান্ত নথি অনুযায়ী, গত ৩১ অক্টোবর পর্যন্ত কোম্পানির বার্ষিক আয় দাঁড়িয়েছে ৮১ বিলিয়ন ডলারে। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এর পরিমাণ ছিল ৭১ বিলিয়ন ডলার।

গত ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আগের ১২ মাসে অন্তত ১ লাখ ডলার আয় এনে দিয়েছে—এমন গ্রাহকের সংখ্যা ছিল ১১ হাজার ৯০০। গত বছরের শেষ দিকে এ ধরনের গ্রাহকের সংখ্যা ছিল দেড় হাজারের বেশি।

তবে এই প্রবৃদ্ধি ধরে রাখতে ব্যয়ও বাড়ছে। ২০২৬ সালের প্রথম ছয় মাসে কম্পিউটিং সক্ষমতা ও অবকাঠামো খাতে প্রায় ৯ বিলিয়ন ডলার ব্যয় করেছে অ্যানথ্রপিক। আগের বছরের একই সময়ের তুলনায় এই ব্যয় প্রায় চার গুণ।

চলতি বছরের তৃতীয় প্রান্তিকে কম্পিউটিং খাতে এ কোম্পানির ব্যয় হয়েছে আরও ৫ বিলিয়ন ডলার। ওই প্রান্তিকের আয় দ্বিতীয় প্রান্তিকের তুলনায় ৪৭ শতাংশ বেড়ে ১৬ দশমিক ৯৬ বিলিয়ন ডলার হলেও পরিচালন ব্যয় বাড়ায় ৫৬৭ মিলিয়ন ডলার লোকসান হয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, অ্যানথ্রপিকের নিট লোকসান আগের প্রান্তিকের ৬৬ দশমিক ৩ বিলিয়ন ডলার থেকে কমে ২৩ দশমিক ৩ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

এআই নিরাপত্তা নিয়েও প্রশ্ন

অ্যানথ্রপিকের প্রতিষ্ঠাতাদের মধ্যে রয়েছেন ভাইবোন দারিও আমোদেই ও ড্যানিয়েলা আমোদেই। তারা একসময় ওপেনএআইয়ে কাজ করতেন। পরে সেখান থেকে বেরিয়ে নিজেদের এআই কোম্পানি গড়ে তোলেন।

এআই প্রযুক্তি তৈরিতে নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়ার অবস্থানের জন্য প্রতিষ্ঠানটি পরিচিত। শক্তিশালী এআই মডেল যে মানুষের অস্তিত্বের জন্য হুমকি হয়ে উঠতে পারে, সে কথাও বলে আসছেন অ্যানথ্রপিকের প্রধান নির্বাহী দারিও আমোদেই।

বিবিসি লিখেছে, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর অ্যানথ্রপিকের এআই প্রযুক্তি প্রায় কোনো বিধিনিষেধ ছাড়াই ব্যবহারের দাবি জানিয়েছিল। কিন্তু অ্যানথ্রপিক সেই দাবি মেনে নেয়নি।

অ্যানথ্রপিকের আইপিও-সংক্রান্ত নথিতেও বলা হয়েছে, আরও উন্নত মডেল, প্ল্যাটফর্ম ও অ্যাপ্লিকেশন তৈরি এবং ব্যবহারের ক্ষেত্র সম্প্রসারণের ফলে এসব মডেলের ক্ষতি করার ঝুঁকি বাড়তে পারে।

অন্যদিকে, ব্যবসায়িক এআই সেবা দেওয়ার বাজারে প্রতিযোগিতা বাড়ছে। ওপেনএআইসহ বড় প্রযুক্তি কোম্পানিগুলোর পাশাপাশি কম খরচে এআই ব্যবহারের সুযোগ তৈরি করা উন্মুক্ত মডেলও প্রতিযোগিতায় প্রভাব ফেলছে।

এআই খাতের ব্যবসায়িক মডেল নিয়েও উদ্বেগ রয়েছে। এ প্রযুক্তি পরিচালনায় ব্যয়বহুল কম্পিউটার চিপের প্রয়োজন হয়, যার সরবরাহ সীমিত। এ ছাড়া বড় আকারের তথ্যকেন্দ্র নির্মাণ ও পরিচালনার জন্য বিপুল অর্থের পাশাপাশি অন্য প্রযুক্তি কোম্পানির সঙ্গে চুক্তির প্রয়োজন হয়।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এআই খাতে দ্রুত বাড়তে থাকা ঋণ নিয়ে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভও উদ্বেগ প্রকাশ করেছে।

গত অক্টোবরে সুদের হার নিয়ে এক বৈঠকের কার্যবিবরণীতে এ ঋণ অর্থায়নের জটিল ও অস্বচ্ছ কাঠামো নিয়ে উদ্বেগের কথা উঠে আসে।

আরও পড়ুন : সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সিঙ্গাপুরের, বাংলাদেশের অবস্থান ৯৭

অ্যানথ্রপিকের শেয়ারবাজারে অভিষেক তাই শুধু একটি কোম্পানির বড় অঙ্কের অর্থ সংগ্রহের ঘটনা নয়; এআই প্রযুক্তির ব্যবসায়িক সম্ভাবনা, বিনিয়োগের ঝুঁকি এবং ভবিষ্যতে মুনাফা অর্জনের সক্ষমতা যাচাইয়েরও একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা হয়ে উঠছে।

The post দেড় ট্রিলিয়ন ডলারের কোম্পানি হিসেবে শেয়ারবাজারে অ্যানথ্রপিকের যাত্রা শুরু appeared first on ZoomBangla.

More in Education

View all

Latest news