দেশের বাজারে স্বর্ণের বড় দরপতন, এক লাফে ভরিতে কমল ৯ হাজার টাকা – DesheBideshe

দেশের বাজারে স্বর্ণের বড় দরপতন, এক লাফে ভরিতে কমল ৯ হাজার টাকা – DesheBideshe

ঢাকা, ৮ মার্চ – দেশের বাজারে স্বর্ণের দাম বড় ব্যবধানে কমানো হয়েছে। ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৯ হাজার ২১৪ টাকা কমিয়ে নতুন দর নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৬৮ হাজার ২১৪ টাকা। বুধবার সকালে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে স্বর্ণের নতুন এই দাম কার্যকর হয়েছে।

স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের বা পিওর গোল্ডের মূল্য কমে যাওয়ার কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই নতুন দাম নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি। নতুন দর অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ২ লাখ ৬৮ হাজার ২১৪ টাকা এবং ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৫৬ হাজার ২৫ টাকায় বিক্রি হবে। এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ২ লাখ ১৯ হাজার ৪৫৮ টাকা ও সনাতন পদ্ধতির স্বর্ণ ১ লাখ ৭৯ হাজার ১৫৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

স্বর্ণের এই বিক্রয়মূল্যের সঙ্গে ৫ শতাংশ সরকার নির্ধারিত ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করতে হবে। স্বর্ণের দাম কমানোর পাশাপাশি এবার রুপার দামও কমানো হয়েছে। প্রতি ভরিতে ৬৪১ টাকা কমিয়ে ২২ ক্যারেটের রুপার দাম ৬ হাজার ৫৩২ টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি ২১ ক্যারেটের রুপা ৬ হাজার ২৪০ টাকা, ১৮ ক্যারেটের ৫ হাজার ৩৬৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৪ হাজার ২৪ টাকা ঠিক করা হয়েছে।

এস এম/ ৮ মার্চ ২০২৬