দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই বলে দাবি করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। বর্তমানে ডিজেলের মজুদ ৩১ দিনের ডিজেল, ৩৬ দিনের অকটেন, ২০ দিনের পেট্রোল, ২০ দিনের জেট ফুয়েল ও ২৫ দিনের ফার্নেস অয়েল মজুদ রয়েছে। ফলে আগস্টেও সরবরাহে সমস্যা হবে না।
দেশে সংকট তৈরির চেষ্টা থেকে জ্বালানি তেল নিয়ে গুজব ছড়ানো হচ্ছে বলে মনে করছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের মুখপাত্র ও যুগ্ম সচিব (অপারেশন অনুবিভাগ) মনির হোসেন চৌধুরী।
বুধবার (২২ জুলাই) সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সাম্প্রতিক সময়ে বিভিন্ন গণমাধ্যমে জ্বালানি তেল ও গ্যাসের সংকট নিয়ে প্রকাশিত খবরের পরিপ্রেক্ষিতে জরুরি সংবাদ সম্মেলন করে মন্ত্রণালয়। গুজব ও বিভ্রান্তি দূর করতেই এই ব্যাখ্যা দেওয়া হচ্ছে। জ্বালানি বিভাগের মুখপাত্র বলেন, আগামী ৩১ জুলাইয়ের মধ্যে ১ লাখ ৮০ হাজার মেট্রিক টন এবং আগস্টে আরও ২ লাখ ৪০ হাজার মেট্রিক টন ডিজেল দেশে আসবে। জ্বালানি পণ্যের সংকটের গুজব ছড়ানোর চেষ্টা করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
প্রাকৃতিক গ্যাসের বিষয়ে তিনি বলেন, দেশে প্রতিদিন প্রায় ৩ হাজার ৮০০ মিলিয়ন ঘনফুট গ্যাসের চাহিদা থাকলেও সরবরাহ করা যায় ২ হাজার ৭০০ থেকে ২ হাজার ৮০০ মিলিয়ন ঘনফুট। এ ঘাটতি দীর্ঘদিনের হলেও নতুন সরকার গ্যাস অনুসন্ধান কার্যক্রম এগিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছে।
তিনি আরও বলেন, একটি এলএনজির ভাসমান টার্মিনালে (এফএসআরইউ) যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় সাময়িকভাবে গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটেছে। এ কারণে কিছু সিএনজি স্টেশনে যানবাহনের চাপ বেড়েছে। তবে আগামী দুই দিনের মধ্যে ত্রুটি মেরামত হয়ে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেন তিনি।





