দৌলতপুরে অবৈধ ড্রেজার ব্যবসায়ীকে জরিমানা

দৌলতপুরে অবৈধ ড্রেজার ব্যবসায়ীকে জরিমানা

সাইফুল ইসলাম : মানিকগঞ্জের দৌলতপুরে অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলনের দায়ে সুজন নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে উপজেলার বানিয়াঘোনা এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযানে বালু পরিবহনে ব্যবহৃত পাইপের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

অভিযান পরিচালনা করেন দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রবীর বিশ্বাস।

স্থানীয় বাসিন্দা ও প্রশাসন সূত্রে জানা যায়, বারিয়াঘোনা এলাকায় সুজন নামের এক ব্যক্তি দীর্ঘদিন ধরে নদী ও ফসলি জমি সংলগ্ন এলাকায় অবৈধ ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করে আসছিল। এর ফলে নদী তীরবর্তী ঘরবাড়ি ও আবাদি জমি হুমকির মুখে পড়ে। স্থানীয়দের এমন অভিযোগের ভিত্তিতে আজ দুপুরে সেখানে ঝটিকা অভিযান চালায় প্রশাসন।

অভিযানকালে বালু উত্তোলনের প্রমাণ পাওয়ায় ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন’ অনুযায়ী ড্রেজার মালিক সুজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে বালু টানার জন্য ব্যবহৃত পাইপের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রবীর বিশ্বাস বলেন, ‘অবৈধ বালু উত্তোলনের ফলে স্থানীয় পরিবেশ ও আবাদি জমি মারাত্মক ঝুঁকির মুখে পড়েছিল। জনস্বার্থে ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ফসলি জমি বা নদী ধ্বংস করে কাউকে অবৈধ বালু ব্যবসা করতে দেওয়া হবে না।’