<![CDATA[
ঘরের মাঠে বড় বড় দলকে টেস্ট ম্যাচ হারালেও, ২০২২ সালে নিউজিল্যান্ডকে মাউন্ট মঙ্গানুইনে হারানো টেস্টটি বাংলাদেশের কাছে বিশেষ কিছু। কিউইদের বিপক্ষে সে টেস্টের নায়ক ছিলেন টাইগার পেসার এবাদত হোসেন।
২০২২ সালের জানুয়ারিতে নিউজিল্যান্ডের মাটিতে প্রথম টেস্ট জয়ে যেমন দেশের জন্য গর্ব এনে দিয়েছেন এবাদত, তেমনি নিজের ক্যারিয়ারের মোড়ও বদলে গেছে তার সেই টেস্টের পারফরম্যান্সের কারণে।
নিউজিল্যান্ডের বিপক্ষে সেদিন এবাদত দ্বিতীয় ইনিংসে নিয়েছিলেন ৪৬ রানে ৬ উইকেট, যা কিছুদিন আগেই ক্রিকইনফো ২০২২ সালের টেস্টের সেরা স্পেল হিসেবে স্বীকৃতি দিয়েছে। এবার এবাদতের সামনে অপেক্ষা করছে আরও বড় কিছু পাওয়ার। উইজডেনের ‘দ্য উইজডেন ট্রফি’ পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছেন বাংলাদেশের এই পেসার।
আরও পড়ুন: মৃত্যুঞ্জয়কে প্রতিদ্বন্দ্বী ভাবছেন না সাইফউদ্দিন
এবাদত ছাড়াও রয়েছেন আরও সাত ক্রিকেটার। বছরের সেরা টেস্ট পারফরম্যান্সের ওপর ভিত্তি করে ‘দ্য উইজডেন ট্রফি’ দেয়া হয়ে থাকে। সেখানেই নিউজিল্যান্ডের বিপক্ষে এবাদতের ৪৬ রানে ৬ উইকেট নেয়া বোলিংকে বিবেচনা করেছে তারা।
দ্য উইজডেন ট্রফির জন্য মনোনয়ন পেয়েছেন যারা
এবাদত হোসেন, জনি বেয়ারস্টো (তিনটি), হ্যারি ব্রুক, রবীন্দ্র জাদেজা, প্রবাদ জয়াসুরিয়া, উসমান খাজা, মার্নাশ ল্যাবুশেন ও টম ল্যাথাম।
]]>


